চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চুরি, ডাকাতি ও নাশকতা প্রতিরোধে চট্টগ্রামের চন্দনাইশে রাতে ব্যাংক ও বিদ্যুৎ উপকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা পরিদর্শন চালিয়েছে থানা পুলিশ।

রবিবার (২৯ নভেম্বর) রাতে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিয়ে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে।

পরিদর্শনের শুরুতে পুলিশ সদস্যরা বিদ্যুৎ উপকেন্দ্রে যান। সেখানে উপকেন্দ্রের চারপাশ ঘুরে দেখেন, গেট ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এ সময় উপকেন্দ্রের গেটে সবসময় তালা লাগিয়ে রাখার কড়া নির্দেশ দেন পুলিশ সদস্যরা।

চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা
নিরাপত্তা পরিদর্শন শেষে পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা।

একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগের জন্য চৌকিদারদের মোবাইল নম্বর সংশ্লিষ্টদের কাছে রাখার নির্দেশনা দেওয়া হয়।

এরপর পুলিশের টিমটি উপজেলার বিভিন্ন ব্যাংকের সামনে যায়। সেখানে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা, আশপাশের পরিবেশ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় থানা পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ একসাথে ছবি তোলেন।

পুলিশ জানায়, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের রাত্রিকালীন টহল ও পরিদর্শন নিয়মিত অব্যাহত থাকবে।