বসে থাকা বা শুয়ে থাকা অবস্থা থেকে হঠাৎ উঠে দাঁড়ালেই কি মাথা ঘোরে? চোখে অন্ধকার দেখেন কিংবা মনে হয় পড়ে যাবেন? এমন সমস্যা অনেকেরই হয়ে থাকে। অনেকে একে রক্তচাপ কমে যাওয়া বা পানিশূন্যতার লক্ষণ মনে করেন। তবে চিকিৎসকদের মতে, হঠাৎ উঠে দাঁড়ানোর পর মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার পেছনে আরও কিছু কারণ থাকতে পারে। বিশেষ করে তিনটি বিষয় এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
চিকিৎসক অন্বিত ভট্টাচার্যের মতে, এমন সমস্যার পেছনে হঠাৎ উঠে দাঁড়ানো, দীর্ঘদিন নির্দিষ্ট কিছু ওষুধ সেবন এবং পসচারাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোম বা পিওটিএস থাকতে পারে। তাই বারবার এমন উপসর্গ দেখা দিলে অবহেলা না করে কারণ খুঁজে বের করা জরুরি।
১. হঠাৎ উঠে দাঁড়ানো
দীর্ঘ সময় বসে থাকা বা শুয়ে থাকার পর দ্রুত উঠে দাঁড়ালে সাময়িকভাবে রক্তচাপ কমে যেতে পারে। এ সময় রক্তের একটি অংশ শরীরের নিচের দিকে, বিশেষ করে পায়ের দিকে চলে যায়। ফলে কয়েক মুহূর্তের জন্য মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যেতে পারে।
এর কারণে মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা কিংবা ভারসাম্য হারানোর মতো সমস্যা হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বলা হয়। এ সমস্যা এড়াতে শোয়া অবস্থা থেকে হঠাৎ উঠে না দাঁড়িয়ে প্রথমে ধীরে বসতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে এরপর দাঁড়ানো ভালো।
২. দীর্ঘদিন একই ওষুধ সেবন
কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্তচাপ কমে যেতে পারে। বিশেষ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, বিষণ্নতা এবং প্রস্টেটের সমস্যায় ব্যবহৃত কিছু ওষুধের কারণে এমন উপসর্গ দেখা দিতে পারে।
চিকিৎসক অন্বিত ভট্টাচার্যের মতে, অনেকেই দীর্ঘদিন একই ওষুধ সেবন করলেও নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেন না। এতে ওষুধের প্রভাব বা রক্তচাপের পরিবর্তন সম্পর্কে প্রয়োজনীয় নজরদারি হয় না। ফলে শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে।
তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বন্ধ করা বা ওষুধের মাত্রা পরিবর্তন করা উচিত নয়। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের সঙ্গে কথা বলা জরুরি।
৩. পসচারাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোম (পিওটিএস)
দাঁড়ানোর পর বারবার মাথা ঘোরা, দুর্বল লাগা কিংবা বুক ধড়ফড় করার পেছনে পিওটিএস থাকতে পারে। এটি এমন একটি শারীরিক অবস্থা, যেখানে দাঁড়ানোর পর হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা দাঁড়ালে মাথা ঘোরা, দুর্বলতা ও অস্বস্তি অনুভব করতে পারেন। তরুণীদের মধ্যে এ সমস্যা তুলনামূলক বেশি দেখা যায় বলে চিকিৎসক অন্বিত ভট্টাচার্য উল্লেখ করেছেন। তবে এমন উপসর্গ দেখা দিলেই পিওটিএস হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যায় না। সঠিক কারণ জানতে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা জরুরি।
কখন চিকিৎসকের কাছে যাবেন
মাঝেমধ্যে মাথা ঘোরার সমস্যা হলেও বারবার এমন হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। বিশেষ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
শুধু পানিশূন্যতা বা নিম্ন রক্তচাপ ভেবে নিজে নিজে চিকিৎসা করা ঠিক নয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমস্যার প্রকৃত কারণ শনাক্ত করা জরুরি। সঠিক কারণ জানা গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া সম্ভব।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন