স্ট্রোক এখন আর শুধু বয়স্কদের রোগ নয়, অল্প বয়সী তরুণরাও আক্রান্ত হচ্ছেন এই প্রাণঘাতী রোগে। হঠাৎ শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে আসা কিংবা চোখে ঝাপসা দেখার মতো লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। সময়মতো চিকিৎসা না পেলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো জানা এবং দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বিশ্বে নতুন করে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের প্রায় ১৫ শতাংশের বয়স ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে। অর্থাৎ কর্মক্ষম ও তরুণ বয়সীরাও এই ঝুঁকির বাইরে নন। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব এবং প্রাথমিক লক্ষণগুলো সাধারণ শারীরিক সমস্যা ভেবে এড়িয়ে যাওয়ার কারণে অনেকেই সময়মতো চিকিৎসা নিতে দেরি করেন।

স্ট্রোক মূলত মস্তিষ্কে রক্ত সরবরাহে বাধা সৃষ্টি হলে অথবা মস্তিষ্কের কোনো রক্তনালী ফেটে রক্তক্ষরণ হলে ঘটে। এতে মস্তিষ্কের কোষ পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পায় না। ফলে অল্প সময়ের মধ্যেই কোষ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এর প্রভাবে মানুষের কথা বলা, হাঁটাচলা, দৃষ্টিশক্তি ও শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হতে পারে।

স্ট্রোক প্রধানত দুই ধরনের। মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেলে তাকে ইস্কেমিক স্ট্রোক বলে। অন্যদিকে, মস্তিষ্কের রক্তনালী ফেটে রক্তক্ষরণ হলে তাকে হেমোরেজিক স্ট্রোক বলা হয়। দুই ধরনের স্ট্রোকই গুরুতর এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়।

স্ট্রোকের লক্ষণ সাধারণত হঠাৎ দেখা দেয়। বিশেষ করে নিচের সাতটি লক্ষণ দেখা দিলে অবহেলা করা যাবে না—

১. শরীরের একপাশ দুর্বল বা অবশ হওয়া: হঠাৎ হাত, পা কিংবা শরীরের এক পাশের শক্তি কমে যাওয়া বা অবশ অনুভব করা।

২. মুখ বেঁকে যাওয়া: হাসতে গেলে মুখের এক পাশ নিচের দিকে ঝুলে পড়া বা স্বাভাবিকভাবে মুখ নাড়াতে সমস্যা হওয়া।

৩. কথা জড়িয়ে যাওয়া: হঠাৎ কথা স্পষ্টভাবে বলতে না পারা কিংবা অন্যের কথা বুঝতে অসুবিধা হওয়া।

৪. দৃষ্টিশক্তিতে সমস্যা: এক বা দুই চোখে হঠাৎ ঝাপসা দেখা কিংবা দৃষ্টিশক্তি কমে যাওয়া।

৫. মাথা ঘোরা ও ভারসাম্য হারানো: হঠাৎ মাথা ঘোরা, হাঁটতে গিয়ে টালমাটাল হওয়া কিংবা শরীরের ভারসাম্য ধরে রাখতে না পারা।

৬. শরীরের সমন্বয় ক্ষমতা কমে যাওয়া: হাত-পা স্বাভাবিকভাবে নাড়াতে সমস্যা হওয়া কিংবা চলাফেরায় নিয়ন্ত্রণ হারানো।

৭. হঠাৎ বিভ্রান্তি তৈরি হওয়া: কোনো কারণ ছাড়াই দিশেহারা হয়ে পড়া, কথা বুঝতে সমস্যা হওয়া কিংবা স্বাভাবিক চিন্তাভাবনায় অসুবিধা দেখা দেওয়া।

এমন লক্ষণ কয়েক মিনিটের মধ্যে সেরে গেলেও নিশ্চিন্ত হওয়া যাবে না। এটি সাময়িকভাবে মস্তিষ্কে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার সংকেত হতে পারে, যা ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক (টিআইএ) নামে পরিচিত। এটি ভবিষ্যতে বড় ধরনের স্ট্রোকের সতর্কবার্তা হতে পারে। তাই লক্ষণ চলে গেলেও দ্রুত হাসপাতালে যেতে হবে।

স্ট্রোকের লক্ষণ দ্রুত শনাক্ত করতে বি-ফাস্ট (BE-FAST) পদ্ধতি অনুসরণ করা যায়। এতে শরীরের ভারসাম্য (Balance), চোখের দৃষ্টি (Eyes), মুখের পরিবর্তন (Face), হাতের দুর্বলতা (Arms) এবং কথা বলার সমস্যা (Speech) পরীক্ষা করা হয়। এসবের কোনো একটি লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

তরুণদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বাড়ার পেছনে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, স্থূলতা ও হৃদরোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ধূমপান, মাদক গ্রহণ, অতিরিক্ত মদ্যপান, অপর্যাপ্ত ঘুম এবং শারীরিক পরিশ্রমের অভাবও ঝুঁকি বাড়াতে পারে। কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার সমস্যা, জিনগত কারণ ও মস্তিষ্কের রক্তনালীর অস্বাভাবিকতার কারণেও তরুণদের স্ট্রোক হতে পারে।

স্ট্রোকের চিকিৎসায় প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। উপযুক্ত রোগীদের ক্ষেত্রে লক্ষণ শুরুর সাড়ে চার ঘণ্টার মধ্যে রক্ত জমাট গলানোর বিশেষ চিকিৎসা দেওয়ার সুযোগ থাকতে পারে। তবে এই সময় পার হয়ে গেলেও চিকিৎসার সুযোগ শেষ হয়ে যায় না। রোগীর অবস্থা ও পরীক্ষার ফল অনুযায়ী চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

স্ট্রোকের লক্ষণ দেখা দিলে নিজে থেকে কোনো ওষুধ খাওয়ানো বা অপেক্ষা করা উচিত নয়। দ্রুত জরুরি বিভাগে নিতে হবে এবং কখন প্রথম লক্ষণ দেখা দিয়েছে, সেই সময়টি চিকিৎসককে জানাতে হবে। ঝুঁকি কমাতে নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা, ধূমপান পরিহার, সুষম খাবার গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে হবে।

মনে রাখতে হবে, স্ট্রোক যে কোনো বয়সেই হতে পারে। তাই বয়স কম বলে লক্ষণগুলো উপেক্ষা করা বিপজ্জনক। দ্রুত চিকিৎসা নেওয়াই জীবন বাঁচাতে এবং মস্তিষ্কের স্থায়ী ক্ষতি কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।