পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী

ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার আগে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ সমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে।

বুধবার সকালে উপজেলার ধলঘাট ইউনিয়নে অবস্থিত দক্ষিণ সমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কানিজ ফাতেমার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক প্রিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সভাপতি মোহাম্মদ ফরিদুল আলম। প্রধান বক্তা ছিলেন এস.এম.সি সদস্য মোহাম্মদ আবসার উদ্দিন।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কানিজ ফাতেমা বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। দেশকে ভালোবাসতে হবে। মাতা-পিতা ও শিক্ষকদের কথা মেনে চলতে হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করে জীবনে এগিয়ে যেতে হবে।

ভালো মানুষ হওয়ার আহ্বান জানালেন বক্তারা
ভালো মানুষ হওয়ার আহ্বান জানালেন বক্তারা

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফরিদুল আলম বলেন, এখন পড়াশোনা করে পাশ করতে হবে। পড়াশোনায় মনোযোগী হতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা আসবে।

প্রধান বক্তা মোহাম্মদ আবসার উদ্দিন বলেন, বর্তমানে মাদক, সন্ত্রাস ও জুয়ার দিকে তরুণরা ঝুঁকে পড়ছে। এসবের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে। শিক্ষার্থীদের সুন্দর মন ও মানসিকতা তৈরি করতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পাপিয়া মহাজন, হ্যাপী চৌধুরী ও রফিকুল ইসলাম এবং সহকারী শিক্ষক সুমনা রানী দাশ, জান্নাতুল ফেরদৌস ও অন্তরা দে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী নিতাই দে।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।