দীর্ঘ এক বছরের বিরতির পর আবারও দেশের আটটি বিভাগে আউটডোর তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শিগগিরই দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এসব মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে আয়োজনগুলো শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন এই ইসলামি বক্তা।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি জানান, এক বছর বিরতির পর আবারও দেশের আট বিভাগে তাঁর আউটডোর তাফসিরুল কুরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আয়োজনকে সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে আজহারী উল্লেখ করেন, আবহমান কাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এসব আয়োজনের মাধ্যমে মানুষ কুরআনের শিক্ষা ও ধর্মীয় নির্দেশনা সম্পর্কে জানার সুযোগ পায়। তাই দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মনে করেন তিনি। নামাজের সময়সূচি

মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ড. মিজানুর রহমান আজহারী। এ ক্ষেত্রে সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, এসব দায়িত্ব পালনে আয়োজক, অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সবার সচেতন থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কুরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও মূল উদ্দেশ্যকে ম্লান করে না দেয়। মাহফিলে অংশ নিতে আসা প্রত্যেকের উচিত ধর্মীয় পরিবেশের প্রতি সম্মান দেখানো এবং অন্যদের জন্যও সুন্দর পরিবেশ নিশ্চিত করা। সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়েই মাহফিলের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে বলে তাঁর বক্তব্যে উঠে এসেছে।

মাহফিলের সার্থকতা সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে আজহারী বলেন, শুধু বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতা দিয়ে একটি মাহফিলের সফলতা বিচার করা যায় না। বরং কুরআন ও সুন্নাহর সার্বজনীন শিক্ষাগুলো মানুষের চিন্তা, চরিত্র ও দৈনন্দিন কর্মকাণ্ডে কতটা প্রতিফলিত হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি মনে করেন, কুরআন ও সুন্নাহর শিক্ষা ব্যক্তি মানুষের জীবন থেকে শুরু করে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মানুষ যদি এসব শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করে, তাহলে ব্যক্তি থেকে পরিবার এবং পরিবার থেকে সমাজে কল্যাণকর পরিবর্তনের পথ তৈরি হবে। এটাই হওয়া উচিত ধর্মীয় মাহফিলের অন্যতম প্রধান লক্ষ্য।

পোস্টের শেষাংশে কুরআনের শিক্ষার গুরুত্ব তুলে ধরে মিজানুর রহমান আজহারী বলেন, কুরআনের সার্বজনীন বার্তা মানুষকে সঠিক জীবনদর্শন শেখায় এবং চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই কুরআনের মাহফিল কেবল জনসমাগমের আয়োজন না হয়ে মানুষের জীবন পরিবর্তনের উপলক্ষ হওয়া উচিত।

এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘কুরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন।’ একই সঙ্গে শিগগিরই দেশের বিভিন্ন বিভাগীয় শহরে দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তবে ফেসবুক পোস্টে মাহফিলগুলোর নির্দিষ্ট তারিখ, সময় ও ভেন্যু উল্লেখ করা হয়নি।