অস্কারের মঞ্চে জায়গা করে নেওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়েছে ভারতীয় সিনেমা ‘রামায়ণ’। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) বিভাগের প্রাথমিকভাবে নির্বাচিত শীর্ষ ২০ সিনেমার তালিকায় রয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি। ফলে ‘ডিউন: পার্ট থ্রি’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘দ্য ওডিসি’র মতো বড় বাজেটের হলিউড সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নামছে এটি।

তবে এ তালিকা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংশ্লিষ্ট চলচ্চিত্রগুলোর দলকে অ্যাকাডেমির ভিজ্যুয়াল ইফেক্টস শাখা প্রাথমিক তালিকায় জায়গা পাওয়ার বিষয়টি জানিয়েছে বলে জানা গেছে। তাই এটিকে এখনই চূড়ান্ত মনোনয়ন হিসেবে দেখার সুযোগ নেই।

‘রামায়ণ’-এর ভিজ্যুয়াল ইফেক্টস তৈরির দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিএনইজি। ‘ডিউন’ ও ‘ইন্টারস্টেলার’-এর মতো আলোচিত সিনেমায় কাজ করা এই প্রতিষ্ঠান ভিএফএক্স বিভাগে ইতিমধ্যে আটটি অস্কার জিতেছে। ফলে সিনেমাটির কারিগরি কাজ নিয়ে দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের আগ্রহ তৈরি হয়েছে।

শীর্ষ ২০-এর তালিকায় থাকা অন্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, স্টিভেন স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’, ‘সুপারগার্ল’, ‘স্টার ওয়ার্স: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’, ‘গডজিলা মাইনাস জিরো’, ‘মোয়ানা’ এবং ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’। তালিকায় আরও রয়েছে ‘প্রজেক্ট হেইল মেরি’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা।

প্রযোজনা প্রতিষ্ঠানভিত্তিক হিসাবেও তালিকায় এগিয়ে রয়েছে ডিজনি। তাদের চারটি সিনেমা জায়গা পেয়েছে শীর্ষ ২০-এ। অন্যদিকে সনি পিকচার্সের রয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ রয়েছে।

এর আগে ভারতীয় সিনেমা ‘আরআরআর’ও অস্কারের ৯৫তম আসরে ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের শীর্ষ ২০-এর তালিকায় জায়গা পেয়েছিল। তবে শেষ পর্যন্ত বিভাগটির চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্থান পায়নি এসএস রাজামৌলি পরিচালিত ছবিটি।

এবারের অস্কারে ভিএফএক্স বিভাগের পরবর্তী ধাপের প্রাথমিক ভোটগ্রহণ চলবে আগামী ৭ থেকে ১১ ডিসেম্বর। এরপর ১৫ ডিসেম্বর প্রকাশ করা হবে এই বিভাগের চূড়ান্ত ১০ সিনেমার সংক্ষিপ্ত তালিকা।

জানুয়ারিতে নির্বাচিত সিনেমাগুলোর ভিজ্যুয়াল ইফেক্টস উপস্থাপনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের ২১ জানুয়ারি ঘোষণা করা হবে ৯৯তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন। আর মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বসবে আগামী বছরের ১৪ মার্চ, হলিউডের ডলবি থিয়েটারে।