দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
বৈদেশিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং নিরাপদ অভিবাসনের সুযোগ সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে কর্মসংস্থানের লক্ষ্যে ১৩৯ জন প্রশিক্ষিত ভিডিপি সদস্যের মধ্য থেকে ১০০ জন কর্মী চূড়ান্ত করার কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) আনসার ও ভিডিপি সদর দপ্তর, খিলগাঁওয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি প্রার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের (বিএভিডব্লিউটি) তত্ত্বাবধানে দুবাইয়ের ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি এবং রিক্রুটিং এজেন্সি ম্যান ফোর্স বাংলাদেশের সমন্বয়ে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শাটারিং কার্পেন্টার, রাজমিস্ত্রি ও স্টিল ফিক্সার—এই তিন ক্যাটাগরিতে কর্মী নির্বাচন করা হবে। প্রার্থীদের কাগজপত্র যাচাই ও সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই সম্পন্ন হবে।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী বিদেশে পাঠানো বাহিনীর অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপের প্রায় পাঁচ হাজার কর্মীর চাহিদার বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের কর্মী নির্বাচন করা হচ্ছে।
তিনি বলেন, দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির মাধ্যমে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশের বৈদেশিক মিশন, বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠান এবং আনসার-ভিডিপির বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ছাড়াই নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনের সুযোগ তৈরি হবে।
মহাপরিচালক আরও জানান, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ, ঋণের কিস্তি পরিশোধ ও জরুরি সমস্যা সমাধানে সমন্বিত সেবা কাঠামো গড়ে তোলা হচ্ছে। ওয়েলফেয়ার ট্রাস্টের সিআরএম সফটওয়্যার ও ‘ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিস’-এর মাধ্যমে নিবন্ধন থেকে বিদেশ গমন এবং প্রবাসে অবস্থানকালীন সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদেশগামী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বিদেশের কর্মক্ষেত্রে প্রত্যেক সদস্যকে দেশের ভাবমূর্তি ও বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের মাধ্যমে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সারাদেশ থেকে বাছাই করা আরও প্রায় এক হাজার প্রশিক্ষিত সদস্য বৈদেশিক কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন।
এ ছাড়া জাপান ও ইউরোপের শ্রমবাজারে আনসার-ভিডিপি সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানে দক্ষ জনশক্তি পাঠানোর পাশাপাশি আইসিটি ও ভাষা শিক্ষায় দক্ষ সদস্যদের জন্য বিশ্ববিদ্যালয় ও ল্যাঙ্গুয়েজ কলেজের সঙ্গে সমঝোতা এবং স্পন্সরশিপের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, যারা বিদেশে যেতে পারবেন না, তাঁদের স্থানীয়ভাবে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় খামার, বায়োগ্যাস ও একক পণ্যভিত্তিক উদ্যোগ সম্প্রসারণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, চাকরিপ্রার্থী সদস্য ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন