ফুটবল মাঠে তাঁর পায়ের জাদু, অসাধারণ ড্রিবলিং আর নেতৃত্বের গল্প এখনো আলোচিত হয়। সময়ের হিসাবে ছয় বছর পেরিয়ে গেলেও আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার স্মৃতি ভোলেননি ফুটবলপ্রেমীরা। ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী এই মহাতারকা। আজ বুধবার তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।

১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের কাছে ভিলা ফিওরিতোতে এক দরিদ্র পরিবারে জন্ম ম্যারাডোনার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তাঁর প্রবল আকর্ষণ। সেই ভালোবাসাই একসময় তাঁকে নিয়ে যায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে।

মাত্র আট বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দল ‘লস সেবোলিতাসে’ যোগ দেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিভার ঝলকও ছড়িয়ে পড়ে। ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক এবং ১৬ বছর বয়সে আর্জেন্টিনার জাতীয় দলে সুযোগ পান ম্যারাডোনা। অল্প সময়েই নিজের অসাধারণ দক্ষতায় জায়গা করে নেন ফুটবলবিশ্বের আলোচনায়।

ম্যারাডোনার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ। অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্বে সেবার বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। পুরো আসরজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে সামনে থেকে পথ দেখান তিনি।

বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুটি গোল ফুটবল ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে। প্রথমটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত, আর দ্বিতীয়টি ফুটবলপ্রেমীদের কাছে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃত। একই ম্যাচে বিতর্কিত হাতের গোল এবং একক প্রচেষ্টায় অসাধারণ গোল দুটি ভিন্ন কারণে আজও আলোচনায় থাকে।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন ম্যারাডোনা। আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া ও নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন তিনি।

তবে ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সময় কাটে ইতালির নাপোলিতে। তাঁর নেতৃত্ব ও পারফরম্যান্সে ১৯৮৭ ও ১৯৯০ সালে প্রথমবারের মতো সিরি ‘আ’ শিরোপা জেতে ক্লাবটি। নাপোলির ইতিহাসে তাঁর অবদান এতটাই গুরুত্বপূর্ণ যে শহরটির ফুটবল সংস্কৃতির সঙ্গেও জড়িয়ে আছে ম্যারাডোনার নাম।

খেলার মাঠের অসাধারণ প্রতিভা, নেতৃত্বের ক্ষমতা এবং বর্ণাঢ্য ব্যক্তিত্ব তাঁকে শুধু আর্জেন্টিনার নয়, পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। ২৫ নভেম্বর তাঁর প্রয়াণের ছয় বছর পূর্ণ হলেও ফুটবল ইতিহাসে ম্যারাডোনার নাম ও কীর্তি আজও উজ্জ্বল।