তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে শ্রমিক মজলিস। তবে দেশের অর্থনীতি ও শিল্পের স্বার্থে আন্দোলনরত শ্রমিকদের ধৈর্য ধারণ করে শান্তিপূর্ণভাবে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী শ্রমিক ফ্রন্ট। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজ এবং সদস্য সচিব হাফিজুল ইসলাম ও রাশেদুল ইসলাম বাবু এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন গ্রেডের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া প্রতিটি গ্রেডের শ্রমিকদের বিদ্যমান মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে ন্যূনতম ৩ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক যে সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) কাজ করেন, সেখানে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ১৮ হাজার টাকা মজুরির দাবি জানিয়েছিলেন।

নেতৃবৃন্দের অভিযোগ, শ্রমিকপক্ষের দাবির বিপরীতে মালিকপক্ষের দুই ভোট এবং নিরপেক্ষ ও সরকারি প্রতিনিধিদের দুই ভোটসহ মোট চার ভোটে গ্রেড-৪-এর মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে অবস্থান নেন।

বিবৃতিতে বলা হয়, আগের ১২ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে নতুন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলেও বর্তমান বাজারদরের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ নয়। শ্রমিকদের দাবি অনুযায়ী আরও এক হাজার টাকা বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হলে মালিকপক্ষের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতো না। বরং এতে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসত।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে পোশাকশ্রমিকদের মজুরির তুলনা করে নেতৃবৃন্দ বলেন, একজন সর্বনিম্ন স্তরের সরকারি কর্মচারীর বেতনও প্রায় ৩৬ হাজার টাকা। অথচ একজন গার্মেন্টস শ্রমিক ও সরকারি কর্মচারী একই বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনেন এবং একই সমাজে বসবাস করেন।

তাদের মতে, মাত্র ১৭ হাজার টাকা বেতনে চার সদস্যের পরিবার নিয়ে একজন শ্রমিকের জীবনযাপন করা অত্যন্ত কঠিন। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে নিরপেক্ষ ও সরকারি প্রতিনিধিরা অবস্থান না নেওয়ায় শ্রমিক সমাজ হতাশ হয়েছে।

এ অবস্থায় দেশের রপ্তানি খাত ও শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক আন্দোলনসহ সব শ্রমিক ইউনিয়ন ও ফেডারেশনের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন বিপ্লবী শ্রমিক ফ্রন্টের নেতারা। একই সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

বিবৃতিতে বাজারদর ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানসম্মত ও স্থায়ী মজুরি কাঠামো গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন, কারখানার মুনাফায় শ্রমিকদের ন্যায্য অংশীদারত্ব এবং প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ আবাসন, রেশনিং ব্যবস্থা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ। তাদের মতে, এসব অধিকার বাস্তবায়নের মাধ্যমে মালিক ও শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করা সম্ভব।