নকলা প্রতিনিধিঃ নোমান আহমেদ

আজ ২৫ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৭০ জনেরও বেশি সেবাগ্রহীতার অভাব-অভিযোগ, সমস্যা ও আবেদন মনোযোগসহকারে শোনেন জেলা প্রশাসক শেরপুর, মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

এদিন ৫২ জন সেবাগ্রহীতাকে বিভিন্ন অঙ্কের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার, ৮ জনকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ কিনে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একজনকে ঢেউটিন ক্রয়ের জন্য সহায়তা প্রদান এবং ৪ জন সেবাগ্রহীতার একটি বেসরকারি চক্ষু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি, নালিতাবাড়ী থেকে আগত একজন গাড়িচালককে তাঁর যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক।

সেবাগ্রহীতাদের সমস্যার ধরন ও প্রয়োজন বিবেচনায় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আবেদনসমূহ পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা, জেলা সদর হাসপাতাল, উপপরিচালক (সমাজসেবা)-এর কার্যালয়, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সরকারি শিশু পরিবার, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় সুপারিশসহ প্রেরণ করা হয়।

এ ছাড়া, দেশের স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক সম্পন্ন করা একজন তরুণ উদ্যোক্তা তাঁর দুগ্ধ খামার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা প্রার্থনা করলে জেলা প্রশাসক তাঁকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

নাগরিকদের সমস্যা ও অভিযোগ শুনে প্রয়োজনীয় প্রতিকার নিশ্চিত করার মাধ্যমে জনসেবাকে আরও সহজলভ্য, মানবিক ও জনবান্ধব করার লক্ষ্যে জেলা প্রশাসন, শেরপুরের এ উদ্যোগ অব্যাহত থাকবে।