বিয়ে, মাতৃত্ব ও সংসার সামলাতে গিয়ে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন বলিউড অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। তবে গত বছর আমির খানের বিপরীতে ‘সিতারে জমিন পার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরেন তিনি। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে তাঁর অভিনয়ের ব্যস্ততা। ‘জুনিয়র’, ‘মান্তি-৪’ ও ‘রাজা শিবাজি’র পর এবার আলোচনায় তাঁর নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’। তবে সিনেমাটি মুক্তির আগেই একটি রোমান্টিক দৃশ্য ঘিরে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী।
প্রথমবার জুটি বাঁধলেন ইমরান-জেনেলিয়া
‘গানমাস্টার জি৯’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জেনেলিয়া দেশমুখ ও ইমরান হাশমি। সম্প্রতি সিনেমাটির প্রচারে দুজন হাজির হয়েছিলেন ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে সিনেমার প্রচারের পাশাপাশি বিচারক হিমেশ রেশমিয়ার সুরে তৈরি গান নিয়েও আলোচনা করেন তাঁরা। একপর্যায়ে ‘দার্দ-এ-দিল দার্দ-এ-জিগার’ গানের একটি রোমান্টিক মুহূর্ত পুনরায় অভিনয় করে দেখান দুই তারকা। আর সেই দৃশ্যই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।
কানের দুল ঘিরে রোমান্টিক মুহূর্ত
অনুষ্ঠানের প্রকাশিত একটি ঝলকে দেখা যায়, বেঞ্চে বসে রয়েছেন জেনেলিয়া। এ সময় তাঁর দিকে এগিয়ে যান ইমরান হাশমি। এরপর মুখ থেকে একটি কানের দুল বের করে আনেন তিনি। তাঁদের এমন রোমান্টিক দৃশ্য দেখে অনুষ্ঠানের প্রতিযোগীদের কেউ বিস্মিত হন, আবার কেউ প্রকাশ করেন উচ্ছ্বাস।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা প্রতিক্রিয়া। বিশেষ করে জেনেলিয়ার ব্যক্তিগত জীবন টেনে এনে মন্তব্য করেছেন অনেকে।
একজন লিখেছেন, ‘ভাবুন তো, কোনো মেয়ে যদি রীতেশের সঙ্গে এমন করত! তাহলে জেনেলিয়া কি ছেড়ে কথা বলত?’
আরেকজনের মন্তব্য, ‘ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছেন! এসব তো হবেই।’
সমালোচনার বিপরীতে ভক্তদের যুক্তি
তবে বিষয়টি নিয়ে ভিন্নমতও রয়েছে। ইমরান ও জেনেলিয়ার ভক্তদের মতে, দুজনই পেশাদার অভিনেতা। পর্দার প্রয়োজনে তাঁরা অভিনয় করেছেন। তাই একটি অভিনীত রোমান্টিক দৃশ্য নিয়ে সমালোচনার কোনো কারণ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মন্তব্যের মধ্যে কেউ কেউ পুরো ঘটনাকে সিনেমার প্রচারণার কৌশল হিসেবেও দেখছেন। তাঁদের ধারণা, এমন দৃশ্যকে কেন্দ্র করে দর্শকের আগ্রহ তৈরি করাই নির্মাতাদের উদ্দেশ্য হতে পারে।
শেষ পর্যন্ত এই আলোচনা ‘গানমাস্টার জি৯’ সিনেমার প্রতি দর্শকের আগ্রহ ও ব্যবসায়িক সাফল্যে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়। তবে বিতর্কের বাইরে গিয়েও নতুন এই জুটির অভিনয় দেখতে অপেক্ষায় রয়েছেন অনেক সিনেমাপ্রেমী।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন