ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্তের জীবনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎ করেই তাঁর বাড়ির ফলস সিলিংয়ের একটি বড় অংশ ভেঙে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী।

সিলিংয়ের ভাঙা অংশ এসে পড়ে তাঁর মাথা, ঘাড় ও কাঁধের ওপর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের বিধ্বস্ত বাড়ির ছবি এবং সেই আতঙ্কের অভিজ্ঞতা তুলে ধরেছেন টিনা।

যেভাবে ঘটল দুর্ঘটনা

ভিডিওতে টিনা জানান, গত ৩১ অক্টোবর দুর্গাপূজার পর কলকাতা থেকে বাড়িতে ফিরেছিলেন তিনি। স্যুটকেস রেখে ফ্রেশ হওয়ার পর বসার ঘরে খাবার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় নিজের নতুন কার্পেটের ওপর ছাদের সিলিংয়ের একটি অংশ ভাঙা অবস্থায় দেখতে পান।

ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী বলেন, প্রথমে ভেবেছিলেন হয়তো বাড়িতে যারা কাজ করেন, তাঁরা কিছু নোংরা করেছেন। পরে ভাবেন, ভাঙা অংশটি কোথা থেকে এল। বাইরে থেকে কিছু পড়েছে কি না, তা দেখতে জানালার দিকে এগোতেই হঠাৎ তাঁর মাথা, ঘাড় ও কাঁধের ওপর কিছু একটা এসে পড়ে।

ওপরে তাকিয়ে তিনি দেখতে পান, বাড়ির ফলস সিলিং ভেঙে পড়ছে।

স্বপ্নের বাড়িতে বড় ক্ষতি

কলকাতার অন্যতম সেরা স্থপতিকে দিয়ে নিজের স্বপ্নের বাড়িটি তৈরি করিয়েছিলেন টিনা। ভালোবাসা ও যত্নে সাজানো সেই বাড়ির এমন বিপর্যয় মেনে নিতে পারেননি তিনি। দুর্ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।

নিজের সেই মানসিক অবস্থার কথা জানিয়ে টিনা বলেন, এত ভালোবাসা দিয়ে বাড়িটি তৈরি করার পর হঠাৎ ছাদের সিলিং ভেঙে পড়ায় তিনি হতবাক হয়ে যান। প্রথম দুই দিন পুরোপুরি স্তব্ধ ছিলেন এবং চরম মানসিক ধাক্কায় ছিলেন। তৃতীয় দিনে ঘটনার বাস্তবতা বুঝতে পেরে হাউমাউ করে কেঁদে ফেলেন।

ভেঙে নষ্ট হয়েছে প্রিয় আসবাব ও পুরস্কার

ভিডিওতে বাড়ির বিভিন্ন অংশের বর্তমান বিধ্বস্ত অবস্থাও দেখিয়েছেন অভিনেত্রী। তাঁর প্রিয় সোফাটি ভেঙে একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শুধু আসবাব নয়, ক্যারিয়ারে অর্জন করা একাধিক মূল্যবান পুরস্কারও ভেঙে নষ্ট হয়েছে।

ইতালি থেকে বিশেষভাবে অর্ডার দিয়ে আনা পছন্দের ওয়ালপেপারসহ ঘরের নানা শৌখিন জিনিসও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের স্বপ্নের বাড়ির এমন অবস্থা দেখে গভীর কষ্ট পেয়েছেন টিনা।

‘উত্তরণ’ ধারাবাহিক থেকে পরিচিতি

উল্লেখ্য, ‘উত্তরণ’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে হিন্দি টেলিভিশন জগতে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন বাঙালি অভিনেত্রী টিনা দত্ত। ধারাবাহিকে ইচ্ছা চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি।

সাম্প্রতিক সময়ে পর্দায় তাঁর উপস্থিতি তুলনামূলক কম। এবার অভিনয়ের বাইরে নিজের বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার কারণে আলোচনায় এলেন এই অভিনেত্রী।