শীতকালে ঠান্ডা পানির ভয়ে অনেকেই প্রতিদিন গোসল করতে চান না। কেউ কেউ এক দিন পরপর গোসল করেন, আবার অনেকে গরম পানিতে দীর্ঘ সময় গোসল করেন। তবে বিশেষজ্ঞদের মতে, শীতকালে প্রতিদিন গোসল না করলেও সব ক্ষেত্রে শরীরের ক্ষতি হয় না। বরং ঘাম বা শরীরে ময়লা না জমলে এক দিন গোসল বাদ দিলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও প্রাকৃতিক তেল ধরে রাখতে সহায়তা করতে পারে।

যুক্তরাষ্ট্রের চিকিৎসাপ্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিকের স্বাস্থ্যবিষয়ক বিভাগ ‘হেলথ এসেনশিয়ালস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে শীতকালে গোসলের অভ্যাস ও ত্বকের যত্ন নিয়ে এমন পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির চর্মরোগ বিশেষজ্ঞ জেনিফার লুকাসের মতে, শীতের সময় বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক থেকে পানি হারিয়ে যায়। পাশাপাশি শরীরের প্রাকৃতিক তেল উৎপাদনও কমে যেতে পারে। ফলে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে পড়ে।

শীতকালে প্রতিদিন গোসল না করার সম্ভাব্য কিছু উপকার রয়েছে। তবে এর অর্থ এই নয় যে, শরীরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার প্রয়োজন নেই। ব্যক্তির শারীরিক অবস্থা, ঘাম ও দৈনন্দিন কাজের ওপর নির্ভর করে গোসলের অভ্যাস ঠিক করা উচিত।

ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে

ত্বকের ওপর থাকা প্রাকৃতিক তেল শরীরের সুরক্ষাব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন গোসলের সময় সাবান ও পানি ব্যবহারের ফলে এই তেলের কিছু অংশ ধুয়ে যেতে পারে। শীতকালে ত্বকে এমনিতেই তেলের পরিমাণ কমে যাওয়ার প্রবণতা থাকে। তাই প্রয়োজন না হলে প্রতিদিন দীর্ঘ সময় গোসল না করাই ভালো।

ত্বকের শুষ্কতা কমাতে সহায়ক হতে পারে

শীতকালে অনেকের ত্বকে শুষ্কতা, চুলকানি ও খসখসে ভাব দেখা দেয়। ঘন ঘন গোসল, বিশেষ করে গরম পানিতে দীর্ঘ সময় গোসল করলে এ সমস্যা আরও বাড়তে পারে। গোসলের বিরতি কিছুটা বাড়ালে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হতে পারে। তবে ত্বক পরিষ্কার রাখার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

প্রাকৃতিক তেলের সুরক্ষা বজায় থাকে

ত্বকের প্রাকৃতিক তেল বাইরের পরিবেশ থেকে ত্বককে কিছুটা সুরক্ষা দেয় এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শীতের সময় অতিরিক্ত গরম পানি ও সাবানের ব্যবহার এই তেলের পরিমাণ কমিয়ে দিতে পারে। তাই গোসলের সময় অল্প সাবান ব্যবহার এবং শরীর অতিরিক্ত ঘষাঘষি না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অতিরিক্ত গরম পানির ক্ষতি এড়ানো যায়

শীতের সকালে গরম পানিতে গোসল আরামদায়ক মনে হলেও অতিরিক্ত গরম পানি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। এতে ত্বকের প্রাকৃতিক তেল কমে গিয়ে শুষ্কতা ও চুলকানি বাড়তে পারে। ক্লিভল্যান্ড ক্লিনিকের চর্মরোগ বিশেষজ্ঞ জেনিফার লুকাসের পরামর্শ, গোসল পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে শেষ করা এবং কুসুম গরম পানি ব্যবহার করা ভালো।

ত্বকের যত্ন নেওয়া সহজ হয়

শীতকালে ত্বক সুস্থ রাখতে শুধু গোসলের অভ্যাস পরিবর্তন করলেই হবে না। গোসলের পরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সুগন্ধিযুক্ত প্রসাধনীর পরিবর্তে সুগন্ধিমুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করাও ভালো।

তবে যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, বেশি ঘামেন, বাইরে ধুলাবালুর মধ্যে কাজ করেন কিংবা শরীরে ময়লা জমে, তাঁদের প্রয়োজন অনুযায়ী গোসল করা উচিত। ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি ত্বকের ধরন ও আবহাওয়ার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। শীতকালে সুস্থ ত্বক বজায় রাখতে অপ্রয়োজনীয় গোসল এড়িয়ে চলা, কুসুম গরম পানি ব্যবহার এবং নিয়মিত ময়েশ্চারাইজার লাগানো ভালো অভ্যাস হতে পারে।