উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ওষুধের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাবারে কলা, ডালিম, বিটরুট, পালংশাক ও ডালের মতো পুষ্টিকর খাবার রাখলে হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করতে পারে। এসব খাবারে থাকা পটাশিয়াম, নাইট্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্যআঁশ শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে। তবে কোনো একটি খাবারই উচ্চ রক্তচাপ কমানোর জাদুকরি সমাধান নয়।

উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয়। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি শরীরের ক্ষতি করতে পারে। দীর্ঘদিন রক্তচাপ বেশি থাকলে হৃদ্‌রোগ, স্ট্রোক ও কিডনির সমস্যার ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি।

ডালিম: অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস

ডালিমে রয়েছে পলিফেনল নামের উদ্ভিজ্জ উপাদান, যার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের কোষকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে, ডালিমের রস রক্তচাপ সামান্য কমাতে পারে। তবে এ বিষয়ে গবেষণার ফলাফল এখনো একরকম নয়।

ডালিমের রসের পরিবর্তে পুরো ফল খেলে অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি খাদ্যআঁশও পাওয়া যায়। তাই নিয়মিত ফল হিসেবে ডালিম খাওয়া ভালো অভ্যাস হতে পারে। তবে এটি উচ্চ রক্তচাপের চিকিৎসার বিকল্প নয়।

বিটরুট: রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সহায়ক

বিটরুটে প্রাকৃতিক নাইট্রেট থাকে। শরীর এই উপাদানকে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে, যা রক্তনালিকে শিথিল ও প্রসারিত করতে সাহায্য করে। ফলে রক্তপ্রবাহ সহজ হতে পারে।

২০২২ সালে প্রকাশিত সাতটি র‍্যান্ডমাইজড নিয়ন্ত্রিত গবেষণার একটি বিশ্লেষণে উচ্চ রক্তচাপে আক্রান্ত ২১৮ জনের তথ্য পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, বিটরুটের রস গ্রহণকারীদের ওপরের রক্তচাপ গড়ে প্রায় ৫ মিমি পারদ কমেছে। তবে নিচের রক্তচাপে উল্লেখযোগ্য পরিবর্তন পাওয়া যায়নি।

কলা: পটাশিয়ামের গুরুত্বপূর্ণ উৎস

কলায় প্রচুর পটাশিয়াম রয়েছে। এটি শরীরের তরলের ভারসাম্য বজায় রাখতে এবং অতিরিক্ত সোডিয়ামের প্রভাব মোকাবিলায় সাহায্য করে। একটি মাঝারি আকারের কলায় আনুমানিক ৪০০ থেকে ৪৫০ মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায়।

তবে শুধু কলা খেলেই রক্তচাপ কমে যাবে, এমন নিশ্চয়তা নেই। যাঁদের কিডনির সমস্যা রয়েছে বা রক্তে পটাশিয়াম বেড়ে যাওয়ার ঝুঁকি আছে, তাঁদের পটাশিয়ামসমৃদ্ধ খাবার বাড়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

পালংশাক ও লালশাক

পালংশাক ও লালশাকে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে। এসব পুষ্টি উপাদান শরীরের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। প্রতিদিনের খাবারে বিভিন্ন ধরনের শাকসবজি রাখলে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সহজ হয়।

টমেটো ও ব্রকলি

টমেটো ও ব্রকলি বিভিন্ন ভিটামিন ও খনিজের ভালো উৎস। সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে এসব সবজি খেলে সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করতে পারে।

ডাল ও শিমজাতীয় খাবার

ডাল ও বিভিন্ন শিমজাতীয় খাবারে খাদ্যআঁশসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। নিয়মিত খাদ্যতালিকায় এসব খাবার রাখলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সুবিধা হয়।

তরমুজ

তরমুজে সিট্রুলিন নামের একটি উপাদান রয়েছে। এটি শরীরে নাইট্রিক অক্সাইড তৈরির প্রক্রিয়ায় ভূমিকা রাখে। তবে তরমুজ সরাসরি রক্তচাপ কমায়, এমন প্রমাণ এখনো সীমিত।

রক্তচাপ নিয়ন্ত্রণে ড্যাশ ডায়েট

রক্তচাপ নিয়ন্ত্রণে শুধু কয়েকটি নির্দিষ্ট খাবার খাওয়ার চেয়ে সামগ্রিক খাদ্যাভ্যাস বেশি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ড্যাশ ডায়েট বেশ পরিচিত। এই খাদ্যপদ্ধতিতে ফলমূল, শাকসবজি, গোটা শস্য, ডাল, বাদাম ও কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

একই সঙ্গে অতিরিক্ত লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার কমাতে বলা হয়। গবেষণায় দেখা গেছে, ড্যাশ ডায়েট অনুসরণ এবং সোডিয়াম গ্রহণ কমালে রক্তচাপ নিয়ন্ত্রণে উপকার পাওয়া যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শ অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সব উৎস মিলিয়ে পাঁচ গ্রামের কম লবণ খাওয়া উচিত। পাশাপাশি নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং পর্যাপ্ত ঘুমও জরুরি।

মনে রাখতে হবে, ডালিম, বিটরুট, কলাসহ এসব খাবার হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী হলেও উচ্চ রক্তচাপের নিরাময় নয়। নিয়মিত রক্তচাপ মাপুন, চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এবং নির্ধারিত ওষুধ নিয়ম অনুযায়ী গ্রহণ করুন। স্বাস্থ্যকর খাবার চিকিৎসায় সহায়ক, কখনোই ওষুধের বিকল্প নয়।