চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির ঘোষিত ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বদুরপাড়াস্থ সংসদ সদস্যের বাসভবনে চন্দনাইশ উপজেলা বিএনপি, চন্দনাইশ পৌরসভা বিএনপি, দোহাজারী পৌরসভা বিএনপি, উত্তর সাতকানিয়া সাংগঠনিক বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওদাগর, সাবেক সদস্য সচিব মোরশেদুল আলম চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ মাহাদু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ বাহাউদ্দীন চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মারুফ, সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুর মোর্শেদ, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুর রউফ, বিএনপি নেতা কামরুল হাছান, মোঃ মহিউদ্দীন, নজরুল ইসলাম আবদুল মেম্বার, সেলিম উদ্দিন, আইনুল হুদা, মোঃ আরমান, আবদুস ছবুর, সাগর, শামসুল ইসলাম, শহিদুল ইসলাম, রিয়াদ কামাল, আনিস সিকদার, নাছির উদ্দীন, যুবদল নেতা আল মোহাম্মদ হিরু, নুরুল কবির কমিশনার, আবু বক্কর, তরিকুল ইসলাম টুটুল, নেছার উদ্দিন, ইখতিয়ার উদ্দিন, আযম খান, শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা আবদুর রহিম, ইরফান, তানভীর প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ বলেন, "দেশে চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। বিএনপির ঘোষিত ডিসেম্বর মাসব্যাপী সকল কর্মসূচি চন্দনাইশ-সাতকানিয়ায় শান্তিপূর্ণ ও সফলভাবে বাস্তবায়ন করতে দলের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে।"
তিনি আরও বলেন, "সবার আগে বাংলাদেশ - এই স্লোগানকে সামনে রেখে জনগণের অধিকার আদায়ে আমরা কাজ করে যাচ্ছি।"
এমপি বলেন, "ডিক্লিয়ার মেসেজ দিতে চাই। তাদের জায়গা এই চট্টগ্রাম-১৪তে হবে না, ইনশাল্লাহ।"

তিনি বলেন, পুরো চট্টগ্রাম বেল্ট, বৃহত্তর চট্টগ্রাম ডিভিশন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এলাকা। আর আমার চট্টগ্রাম-১৪, এগুলো বিএনপি অধ্যুষিত এলাকা। সুতরাং এখানে হাতে গোনা কয়েকজন লোক, কয়েক পার্সেন্ট মানুষ, তারা এখানে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না, ইনশাল্লাহ।
বিএনপি সরকার দায়িত্বে এসেছে মাত্র আট মাস হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিতে মাননীয় প্রধানমন্ত্রী, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব কিভাবে এই দেশকে পরিচালনা করে হাঁটি হাঁটি পা পা করে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার মধ্যে তারা কিছুক্ষণ বলে নভেম্বর, কিছুক্ষণ বলে ডিসেম্বর, কিছুক্ষণ বলে বিভিন্ন তারিখ। এর প্রতিবাদে আমরা সবাইকে নিয়ে বিশাল সমাবেশ করেছি, বিশাল মিছিল করেছি। এই নৈরাজ্যের প্রতিবাদে আমরা কাজ করেছি।
এমপি বলেন, চট্টগ্রাম-১৪, চন্দনাইশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। এই শান্তিপ্রিয় এলাকাকে কারা অশান্ত করতে চায়, আপনারা সবাই তাদেরকে চেনেন।
তিনি বলেন, তারা বাসে আগুন দিতে চায়, মানুষের ঘরবাড়িতে আগুন দিতে চায়, সরকারি প্রতিষ্ঠানে আগুন দিতে চায়। সুনামের সাথে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আগুন দেওয়ার চেষ্টা করে, আগুন দিয়েছে।
তিনি বলেন, উচ্চপদস্থ প্রশাসনের সাথে তার কথা হয়েছে। চন্দনাইশে যারা আছেন তাদেরকেও তিনি বলেছেন। তারা ফজরের নামাজের পরে, মানুষ যখন রাস্তাঘাটে থাকে না, তখন ব্যানার নিয়ে বিভিন্ন হৈ-হুল্লা করে এক-দুই মিনিটের মধ্যে এসব অরাজকতা করে ফেসবুকে দিয়ে দেয়। এটা প্রতিরোধ কিভাবে করা যায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এমপি বলেন, গত ১৯ তারিখ থেকে সবাই পাহারায় ছিলেন। বিভিন্ন মোড়ে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন মার্কেটের সামনে দিনরাত পরিশ্রম করে যারা নৈরাজ্যকে বাধাগ্রস্ত করতে ব্যবস্থা নিয়েছেন, তাদেরকে তিনি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানান। তার কাছে এ বিষয়ে একটি লিস্ট আছে বলেও জানান তিনি।
তিনি বলেন, যারা পাহারায় ছিলেন তারা অত্যন্ত ত্যাগী। দুঃসময়ে যাকে পাওয়া যায়, সেই হচ্ছে অত্যন্ত ত্যাগী। সুসময়ে তো অনেক লোক আসবে। তারা সারারাত ঘুমান নাই। সন্ত্রাসীরা যেন কোনো নৈরাজ্য করতে না পারে, সেজন্য পাহারা দিয়ে এই চট্টগ্রাম-১৪কে তারা শান্ত রেখেছে।
এমপি বলেন, "চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আমার অসহায় গরিব, দুঃখী, মেহনতি মানুষকে স্বাবলম্বী করতে চাই। এদের জন্য আমরা কাজ করতে চাই। অসহায় মানুষদের জন্য আমরা কাজ করতে চাই।"
তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগের রাজনীতি এখন আর চলবে না। মানুষ দেখানো রাজনীতি, বিভিন্ন ধান্দাবাজি রাজনীতি, বিভিন্ন হয়রানিমূলক রাজনীতি এগুলো হবে না।
তিনি বলেন, আমরা বসবো। আমরা সবাইকে নিয়ে চলবো। সবাই সম্মানিত হবেন। কেউ অসম্মানিত হবেন না। অসম্মানিত হবে কে? যে ধান্দাবাজ, যে দালাল, যে মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলে - এইসব লোক।
তিনি বলেন, এই দেশ, এই বাংলাদেশ, এই সোনার বাংলা - এই দেশে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার-পরিজন নিয়ে আপনাদেরকে সুশাসনের সাথে, আপনাদেরকে নিরাপত্তার সাথে এই দেশে বসবাস করতে হবে।
এমপি বলেন, "দুই-একজন, চারজন দুর্নীতিবাজ লোকের জন্য আমাদের দলকে আমরা প্রশ্নবিদ্ধ করতে দেবো না। তাদেরকে আমরা এই চন্দনাইশের মাটিতে তাদের কোনো জায়গা হবে না।"
তিনি বলেন, আমি কারো দলীয় বড় রাজনীতিতে নাই। আমি সবাইকে নিয়ে চন্দনাইশের বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে চাই। দুই-চার-পাঁচজন বিতর্কিত লোকের কারণে দলকে বিতর্কিত করা কি ভালো হবে? আপনারা বলেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, আমি ওসির সাথে এবং এজেন্সির লোকদের সাথে বসবো। কিভাবে তাদেরকে ধরতে হয়, তা নিয়ে আলোচনা হবে। যারা অর্থ যোগানদাতা, তাদের বিষয়ে তার কাছে তথ্য আছে। কেউ বিদেশে বসে আছে, কেউ ঢাকায় বসে আছে, কেউ চট্টগ্রামে বসে আছে। কেউ জেলখানার মধ্যে যারা আছে, তাদেরকে টাকা দিচ্ছে, যেন তারা ভালোভাবে ওখানে খাইতে পারে। কেউ থানার মধ্যে টিসিতে তাদেরকে টাকা দিচ্ছে।
এমপি বলেন, সবকিছু রিপোর্ট হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। যারা তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে আসতেছে, তাদেরকেও বিতাড়িত করা হবে, ইনশাল্লাহ।
বক্তব্যে তিনি আরও বলেন, বিগত ১৭ বছর থানার মধ্যে দালালি শব্দ চলতো না। এখন কি দালালি চলে? উপজেলা প্রশাসনে আগে মানুষ আত্মসাৎ করতো প্রকল্প। এখন কি আত্মসাৎ করতে পারে? পৌরসভায় ইউএনও সব দায়িত্বে আছে, এখন কি কেউ দুর্নীতি করে কেউ প্রকল্প হাতিয়ে নিয়ে যেতে পারে? কোনো অবৈধভাবে বিল পায়? উপস্থিতরা তখন "না" বলে জবাব দেন।
তিনি বলেন, তাহলে আমাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে। আমি তো আছি। আগামীতে ইনশাল্লাহ নির্বাচন হবে। আমরা যোগ্য ভালো মানুষদেরকে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভার মেয়র নির্বাচনে আনবো।
সভার শেষে এমপি জানান, আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে মিটিং রয়েছে রাতে, কিভাবে এই দক্ষিণ জেলায় যেন ফ্যাসিস্টরা কোনো নৈরাজ্য করতে না পারে, কি কি সাপোর্ট তাদেরকে দিতে হবে - মোটরসাইকেল বহর থেকে শুরু করে, সেই লক্ষ্য নিয়ে তারা একটু বসবেন।
সর্বশেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "আমি আপনাদেরকে বলবো ভাই, সবাই আপনারা ঐক্যবদ্ধ হন।"
সভায় উপস্থিত নেতাকর্মীরা বারবার "ঠিক, ঠিক" বলে সমর্থন জানান এবং জিন্দাবাদ স্লোগান দেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন