দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
দিনাজপুরের পার্বতীপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও মায়েদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ৫ নম্বর চণ্ডীপুর ও ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসাসেবা নিতে ভিড় করেন। নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুদের উপস্থিতিতে ক্যাম্প প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
উপজেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত ইবনে মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানজুর রশিদ, উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ইদ্রিস আলী মাস্টার, উপজেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহসভাপতি ওয়াসিম আকরাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবু, সহসভাপতি গোলাম মোস্তফা, ৬ নম্বর মোমিনপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মানিক মুকল, যুবনেতা সবুজ ও আমিনুলসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল ইমরান।
বক্তারা বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ। গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যথাযথ সম্মান ও সহযোগিতা করা হলে গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে।
তারা আরও বলেন, সুস্থ মা মানেই সুস্থ পরিবার ও সুস্থ সমাজ। মায়েদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানো গেলে শিশুদের অপুষ্টিসহ বিভিন্ন রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ লক্ষ্যে পার্বতীপুরের ১০টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
দিনব্যাপী ক্যাম্পে তিন শতাধিক নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় ডায়াবেটিস পরীক্ষা, চর্মরোগ, বাতব্যথা, হাঁপানি ও শ্বাসকষ্টের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের পুষ্টি চাহিদা পূরণে মনিমিক্স বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। এক মা বলেন, “আমার বাচ্চার জন্য মনিমিক্স পেয়েছি। পুষ্টি নিয়ে চিকিৎসকেরা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এটা আমাদের মতো দরিদ্র পরিবারের জন্য অনেক বড় উপকার।”
এক বৃদ্ধ বলেন, “বয়স হয়েছে, হাঁটুতে ব্যথা। টাকা দিয়ে সব সময় চিকিৎসক দেখাতে পারি না। আজ বিনামূল্যে চিকিৎসা নিতে পেরে খুব ভালো লাগছে।”
আরেক নারী বলেন, “এমন ক্যাম্প আরও বেশি হলে গ্রামের মানুষের অনেক উপকার হবে। চিকিৎসকেরা খুব যত্ন নিয়ে কথা শুনেছেন।”
দিনশেষে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীদের সন্তুষ্টি ও স্বস্তিই আয়োজনটির সার্থকতা তুলে ধরে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন