নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্র

রাণীনগর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসস্পন্স ব্যাটেলিয়ান-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে রাণীনগর উপজেলা সদরের হাতিরপুল এলাকায় জঙ্গল থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল।

ওসি জানান, রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের হাতিরপুল এলাকায় ককটেল রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় স্পেশাল রেসস্পন্স ব্যাটেলিয়ান-৫, নাটোর ক্যাম্পের উপপরিদর্শক পলাশ চন্দ্রের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে হাতিরপুল এলাকায় সড়কের পাশে জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় লাল রঙের টেপ দিয়ে মোড়ানো ১০টি ককটেল উদ্ধার করা হয়।

ওসি জাকারিয়া মণ্ডল আরও জানান, জব্দ তালিকা তৈরি করে এসআরবির আভিযানিক দল ককটেলগুলো রাণীনগর থানায় জমা দিয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেলগুলো তাজা কি না, তা পরীক্ষা করতে একটি বিশেষজ্ঞ দল আসবে; পরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।