নেটফ্লিক্সে মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে চলে এসেছে পাকিস্তানের নতুন সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’। ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ ও হানিয়া আমিরের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত সিরিজটি ভারতে প্রচার না করার দাবি উঠেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।

আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা সিরিজটির প্রথম ভাগের। তবে ভারতে এটি দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। সংগঠনটি শুধু এই সিরিজের মুক্তি বন্ধ নয়, পাকিস্তানের সিনেমা, নাটক, গান ও পডকাস্টসহ সব ধরনের বিনোদনমূলক কনটেন্টের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছে।

২৪ নভেম্বর প্রকাশিত ট্রেলারের পর থেকেই সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে। বিশেষ করে ‘হামসফর’ নাটকের জনপ্রিয় জুটি ফাওয়াদ খান ও মাহিরাকে আবার একসঙ্গে দেখার সুযোগ তৈরি হওয়ায় আলোচনায় এসেছে নতুন প্রযোজনাটি।

রোমে শুরু, তিন প্রজন্মের প্রেমের গল্প

সিরিজের কাহিনির কেন্দ্রে রয়েছেন সিকান্দার শেহরিয়ার ও লিজা। ইতালির রোমে বসবাসকারী সিকান্দার হার্ভার্ডে পড়াশোনা করা একজন আইনজীবী। অতীতের ভয়াবহ অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে রেখেছে। দুঃস্বপ্ন ও অনিদ্রার কারণে তিনি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন।

অন্যদিকে লিজা একজন প্রতিভাবান শিল্পী। তাঁর জীবনেও রয়েছে অতীতের নানা ক্ষত। রোমে দুজনের পরিচয় থেকে ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। ভালোবাসা, বিচ্ছেদ এবং নতুন করে জীবন শুরু করার চেষ্টায় এগিয়ে যায় তাঁদের গল্প।

তবে কাহিনি শুধু এই দুই চরিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। পাকিস্তান, ইতালি ও যুক্তরাজ্যকে ঘিরে বিস্তৃত হবে তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্প। সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক প্রত্যাশা, ব্যক্তিগত পছন্দ এবং প্রজন্মের ব্যবধানও উঠে আসবে সিরিজে।

উপন্যাস থেকে পর্দায়

পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। ২০০৯ সালে ‘খাওয়াতিন ডাইজেস্ট’-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল উপন্যাসটি। পরে ২০১৩ সালে বই আকারে প্রকাশিত হয়। টেলিভিশন ওটিটি পর্দার জন্য চিত্রনাট্যও লিখেছেন লেখক নিজেই।

২০২৩ সালের আগস্টে সিরিজটির ঘোষণা দেওয়া হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর এবার দর্শকের সামনে আসছে এর প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ জানায়নি নেটফ্লিক্স। আন্তর্জাতিক দর্শকের জন্য সিরিজটির ইংরেজি নাম রাখা হয়েছে ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’।

জনপ্রিয় তারকাদের বড় সমাবেশ

‘হামসফর’ নাটকে ফাওয়াদ খান ও মাহিরা খানের অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পরে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমাতেও একসঙ্গে দেখা গেছে তাঁদের। নতুন সিরিজে এই জুটির পাশাপাশি রয়েছেন সানাম সাঈদ।

‘জিন্দেগি গুলজার হ্যায়’ এবং ‘বারজাখ’-এ ফাওয়াদ ও সানাম একসঙ্গে কাজ করেছেন। এবার তাঁদের সঙ্গে পর্দায় যুক্ত হচ্ছেন হানিয়া আমির, আহাদ রাজা মীর ও ইকরা আজিজ।

এ ছাড়া অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন হামজা আলী আব্বাসি, মায়া আলী, বিলাল আশরাফ, খুশহাল খান, আহমেদ আলী আকবর, নাদিয়া জামিল ও সামিনা আহমেদ।

সিরিজটির নির্মাতা ও পরিচালক মোমিনা দুরাইদ। পাকিস্তানি টেলিভিশন ও চলচ্চিত্রে পরিচিত এই প্রযোজক ‘হামসফর’, ‘জিন্দেগি গুলজার হ্যায়’, ‘দস্তান’, ‘সুনো চান্দা’ ও ‘বিন রয়’-এর মতো জনপ্রিয় কাজের সঙ্গে যুক্ত ছিলেন। নতুন সিরিজটি নির্মিত হয়েছে তাঁর প্রতিষ্ঠান মোমিনা দুরাইদ ফিল্মসের ব্যানারে। এতে যুক্ত রয়েছে পাকিস্তানের হাম নেটওয়ার্কও।

পাকিস্তানি কনটেন্ট বন্ধের দাবিতে চিঠি

ভারতে সিরিজটির প্রচার ঠেকাতে এআইসিডব্লিউএ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে। সংগঠনটি ৪ ডিসেম্বরের সম্ভাব্য মুক্তি বন্ধের পাশাপাশি নেটফ্লিক্স ইন্ডিয়াকেও সিরিজটি প্রচার না করার আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে সংগঠনটি পাকিস্তানের সিনেমা, ওয়েব সিরিজ, গান ও পডকাস্টসহ সব ধরনের বিনোদনমূলক কনটেন্ট নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এ ধরনের কনটেন্ট প্রচারের বিরুদ্ধে শাস্তির বিধান রেখে স্থায়ী আইন প্রণয়নের দাবিও তুলেছে তারা।

এর আগে ২০২৫ সালের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশটিতে পরিচালিত ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমগুলোকে পাকিস্তানে তৈরি সিনেমা, সিরিজ, গান ও পডকাস্টের প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ওই নির্দেশনা আসে। এআইসিডব্লিউএ তাদের দাবির পক্ষে সেই নির্দেশনার প্রসঙ্গও তুলে ধরেছে।

তবে এ নিষেধাজ্ঞার দাবির সমালোচনা করেছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। তাঁর বক্তব্য, খেলাধুলার পর এবার শিল্প ও সংস্কৃতিকেও রাজনৈতিক বিরোধের মধ্যে টেনে আনা হচ্ছে। দর্শক কী দেখবেন, সেই সিদ্ধান্ত তাঁদের ওপরই ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

নেটফ্লিক্স ইন্ডিয়ার তালিকায় সিরিজটির নাম দেখা গেলেও ৪ ডিসেম্বর ভারতে এটি প্রচারিত হবে কি না, সে বিষয়ে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আসেনি।

সিরিজটির ট্রেলার প্রকাশের দিনই ছয়টি মৌলিক গান নিয়ে অ্যালবাম প্রকাশ করেছে নেটফ্লিক্স। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন পাকিস্তানি ব্যান্ড ভাইটাল সাইন্সের প্রতিষ্ঠাতা সদস্য ও ‘কোক স্টুডিও’র সংগীত প্রযোজক রোহাইল হায়াত।

অ্যালবামে গান গেয়েছেন আবদুল হান্নান, জেব বাঙ্গাশ ও আসিম আজহার। তাঁদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিরিজের অভিনেতা ফাওয়াদ খানও। ফলে অভিনয়ের পাশাপাশি সংগীতেও তাঁর উপস্থিতি নতুন সিরিজটিকে ঘিরে দর্শকের আগ্রহ বাড়াতে পারে।