বেতন বাড়ার পর বাড়িভাড়া বৃদ্ধির চাপ যেন শ্রমিকদের ওপর না পড়ে, সে বিষয়ে কাজ করছে সরকার। পাশাপাশি শ্রমিক-অধ্যুষিত এলাকায় ছয় থেকে সাতটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিকল্পনার কথা জানিয়ে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের আগামী শনিবার থেকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শ্রমমন্ত্রী জানান, দেশে এই প্রথম সরকারি দলের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই নিরপেক্ষভাবে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে। এ প্রক্রিয়াকে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

পোশাকশিল্পের ভবিষ্যৎ প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, এ শিল্পকে আরও এগিয়ে নেওয়া প্রয়োজন। কোনো ধরনের চক্রান্তের কারণে যেন শিল্পটির কার্যক্রম বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এদিকে শ্রমিকদের নিম্নতম মজুরি বাড়ানোর বিষয়ে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে যতটা সম্ভব মজুরি বাড়ানোর চেষ্টা করতে মালিকদের অনুরোধ জানান তিনি।

শ্রমিকদের স্বাস্থ্যসেবার বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। শ্রমিক-অধ্যুষিত এলাকায় ছয় থেকে সাতটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে।

এ ছাড়া বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ি ও বাসাভাড়া বাড়িয়ে দেওয়ার প্রচলন বন্ধে সরকার কাজ করছে বলে জানানো হয়। শ্রমিকদের আয় বাড়লেও বাড়তি ভাড়ার কারণে যেন সেই সুবিধা কমে না যায়, সে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী পোশাকশিল্পের উৎপাদন ও অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে শ্রমিকদের শনিবার থেকে কাজে ফেরার আহ্বান জানান।