নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা থেকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সেখানে পৌঁছে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে।

মহড়া পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও দেখবেন তিনি। এ সময় অনুশীলনস্থলে সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করার কথা রয়েছে।

বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বিত সক্ষমতা ও কার্যক্রম এই অনুশীলনের গুরুত্বপূর্ণ অংশ।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপটি স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। স্বর্ণদ্বীপ নামেও পরিচিত এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ ২০১৩ সালে নেয় বাংলাদেশ সেনাবাহিনী। এরপর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাহিনীটি।

গত এক যুগের বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর সদস্যদের অংশগ্রহণে যৌথ অনুশীলনের আয়োজনও করা হয়েছে।

তবে এবারের আয়োজনের বিশেষত্ব হলো, সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট প্রথমবারের মতো একসঙ্গে বিশেষ যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। আর এই চূড়ান্ত অনুশীলন সরাসরি প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।