নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রণয়ন বা সচেতনতামূলক প্রচারণা যথেষ্ট নয়। অপরাধের বিচার নিশ্চিত করা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহি বাড়ানো এবং সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সহায়তা সহজলভ্য করার পাশাপাশি সমাজের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক জাতীয় সংলাপে বক্তারা এসব মতামত তুলে ধরেন। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযান উপলক্ষে ‘ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকারদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ শীর্ষক প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম। তিনি বলেন, নারী অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে নানা উদ্যোগ নেওয়া হলেও সহিংসতার ঘটনা থামছে না। সমাজে নির্যাতনকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার প্রবণতা দূর করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাস্তবসম্মত পদক্ষেপ প্রয়োজন।
মূল প্রবন্ধে এমজেএফের রাইটস অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামসের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী বলেন, দেশে প্রয়োজনীয় আইন থাকা সত্ত্বেও অনেক ভুক্তভোগী বিচার পান না। দীর্ঘ বিচারপ্রক্রিয়া, সামাজিক অপবাদ, ভয়ভীতি এবং দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর জবাবদিহির ঘাটতি এ ক্ষেত্রে বাধা তৈরি করছে।
তিনি অভিযোগ গ্রহণের সময় ভুক্তভোগীর পরিচয় ও তথ্যের গোপনীয়তা বজায় রাখা, দ্রুত তদন্ত এবং প্রান্তিক নারী ও কন্যাশিশুদের চিকিৎসা, আইনি পরামর্শ ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর জোর দেন।
ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয় ও দারিদ্র্য বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান মনে করেন, সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতা বজায় থাকলে কেবল আইন বা নীতিমালা দিয়ে সহিংসতা বন্ধ করা কঠিন। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শৈশব থেকেই নারী-পুরুষের সমান মর্যাদার ধারণা তৈরি করতে হবে।
চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা বলেন, সহিংসতার শিকার অনেক নারী অভিযোগ জানানোর পরও প্রয়োজনীয় সহায়তা পেতে গিয়ে নতুন করে ভোগান্তির মুখে পড়েন। ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারসহ বিদ্যমান সেবাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় সুবিধা রয়েছে কি না, তা পর্যালোচনা করা দরকার। অভিযোগের পর ভুক্তভোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না, সেটিও নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের স্বীকৃতি থাকলেও বাস্তবে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের ব্যবধান রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রশিক্ষণ, অপরাধের আলামত সংরক্ষণ, ফরেনসিক পরীক্ষার সক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।
ঢাকায় সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন ফিলিক্স হেলগেসন ভুক্তভোগীদের চিকিৎসা, কাউন্সেলিং, আইনি সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছেও এসব সেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা আইন বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। অনলাইন ও সরাসরি দুই ক্ষেত্রেই নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানান তিনি। এ খাতে বাংলাদেশে দুটি কর্মসূচির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের প্রায় এক কোটি ইউরো বিনিয়োগের বিষয়টিও তুলে ধরেন।
ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং বলেন, রাজনীতি ও জনপরিসরে সক্রিয় নারীরা নানা ধরনের হুমকি ও সহিংসতার শিকার হচ্ছেন। এসব ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী অধিকার সংগঠনগুলোর নিয়মিত অর্থায়ন এবং ভুক্তভোগীদের জন্য প্রয়োজনীয় সেবা চালু রাখা জরুরি। এ কাজে পুরুষ ও কিশোরদেরও সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
সমাপনী বক্তব্যে এমজেএফের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ বলেন, পরিবার থেকেই শিশুদের পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সমতার শিক্ষা দিতে হবে। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ শুধু ১৬ দিনের প্রচারণায় সীমাবদ্ধ না রেখে বছরজুড়ে অব্যাহত রাখতে হবে।
সংলাপে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে নাট্যদল বটতলা একটি পরিবেশনা উপস্থাপন করে। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নিজেদের মতামত জানান।
মঙ্গলবার শুরু হওয়া ১৬ দিনের এ আন্তর্জাতিক প্রচারাভিযান আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে শেষ হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন