বিয়ে নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটে রেখেছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিয়ের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে গেছেন নানা কৌশলে। তবে সম্প্রতি তাঁর বিয়ের অভিনব আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় আলোচনা। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আজ বৃহস্পতিবার আইনি বিয়ে ও বাগদান সারতে চলেছেন অভিনেত্রী।
নিজের ফ্ল্যাটেই আইনি বিয়ে মিমির
জানা গেছে, নিজের ফ্ল্যাটেই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মিমি চক্রবর্তী। কলকাতায় আংটিবদল ও বিয়ের রেজিস্ট্রি হলেও মূল বিয়ের আয়োজন হবে শীতের আমেজে পাহাড়ি শহর কালিম্পংয়ে।
বাগদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং অভিনেত্রীর ঘনিষ্ঠজনেরা। টালিউডের বন্ধুদের মধ্যে অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও অতিথি তালিকায় শোনা যাচ্ছে।
কে হচ্ছেন মিমির জীবনসঙ্গী?
মিমি চক্রবর্তীর হবু জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত। তিনি চলচ্চিত্র জগতের কেউ নন। পেশায় নৌবাহিনীর সঙ্গে যুক্ত মেরিন ইঞ্জিনিয়ার।
জানা গেছে, মিমি ও সিদ্ধার্থের সম্পর্ক দীর্ঘদিনের। তবে এতদিন তাঁরা ব্যক্তিগত সম্পর্কটি আড়ালেই রেখেছিলেন। বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখে অভিনেত্রী বরাবরই বলেছেন, সময় হলে সব জানা যাবে।
কালিম্পংয়ে তিন দিনের বিয়ের অনুষ্ঠান
বাগদান ও আইনি বিয়ের পর আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে শুরু হবে সিদ্ধার্থ ও মিমির তিন দিনব্যাপী বিয়ের আয়োজন। এরপর ১১ ডিসেম্বর কলকাতায় হবে তাঁদের রিসেপশন। সেখানে মিমির টালিউডের বন্ধু, সহকর্মী ও বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বিয়ের কেনাকাটায় ব্যস্ত অভিনেত্রী
বিয়ের আয়োজন ঘিরে ইতোমধ্যে কেনাকাটাও শুরু করেছেন মিমি। গত মঙ্গলবার তাঁকে একটি খ্যাতনামা গহনার দোকানে কেনাকাটা করতে দেখা গেছে। পাশাপাশি কলকাতায় পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোর থেকেও অভিনেত্রীর বিয়ের শপিংয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে।
এদিকে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মিমির মা-বাবা জলপাইগুড়ি থেকে আগেই কলকাতায় এসেছেন। সব মিলিয়ে অভিনেত্রীর বিয়েকে ঘিরে টালিউড ও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন