বলিউডে কাজের সময় নির্ধারণের স্বাধীনতা শুধু পুরুষ সুপারস্টারদের নয়, নারী তারকাদেরও থাকা উচিত। এমনটাই মনে করেন নির্মাতা করণ জোহর। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফট নিয়ে চলমান বিতর্কে এবার তাঁর পাশে দাঁড়িয়েছেন তিনি। করণের মতে, নিজের কাজের সময় নির্ধারণ করা দীপিকার অধিকার। এ নিয়ে অযথা প্রশ্ন তোলার প্রয়োজন নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর আসন্ন একটি পর্বের ঝলক। সেখানে অতিথি হিসেবে দেখা যাবে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও রবি কিষানকে। তাঁদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে চলচ্চিত্রশিল্পে কাজের সময়সূচি এবং অক্ষয় কুমারের কর্মনিষ্ঠা নিয়ে আলোচনা হয়। সেই প্রসঙ্গেই দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন করণ।
অনুষ্ঠানের ঝলকের শুরুতে অক্ষয় কুমারের সময়ানুবর্তিতা ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন করণ। অভিনেতার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অক্ষয় ভোর পাঁচটায় মিটিং করেন, চিত্রনাট্য মুখস্থ রাখেন এবং পরিচালকদের সব সময় সহযোগিতা করেন। প্রযোজকদের বিষয়েও তিনি সচেতন। পাশাপাশি নতুন পরিচালকদের সুযোগ দেওয়ার জন্যও অক্ষয়ের প্রশংসা করেন করণ।
এরপর শুটিংয়ের সময়সূচি নিয়ে আলোচনা করতে গিয়ে দীপিকার আট ঘণ্টার শিফটের প্রসঙ্গ সামনে আসে। অভিনেত্রীর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে করণ বলেন, দীপিকা যখন নিজের কাজের সময় নিয়ে এমন সিদ্ধান্ত নেন, তখন সেটিকে এত বড় বিতর্কে পরিণত করার কারণ তিনি বুঝতে পারেন না। তাঁর মতে, এই অধিকার দীপিকা নিজের কাজের মাধ্যমে অর্জন করেছেন।
করণ আরও বলেন, দীপিকা একজন পরিশ্রমী অভিনেত্রী। একই সঙ্গে তিনি একজন মা, স্ত্রী ও পেশাদার নারী। কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও রয়েছে। তাই নিজের সময়ের ভারসাম্য বজায় রাখার অধিকার তাঁর থাকা উচিত।
করণের বক্তব্যে উঠে এসেছে চলচ্চিত্রশিল্পে নারী ও পুরুষ তারকাদের কাজের শর্তে সমতার বিষয়টিও। তাঁর মতে, পুরুষ সুপারস্টারদের মতো নারী সুপারস্টারদেরও কাজের সময় নির্ধারণের স্বাধীনতা থাকা প্রয়োজন। শুধু দীপিকা নন, অক্ষয় কুমারও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পছন্দ করেন।
করণ মনে করেন, সৃজনশীলতার সঙ্গে আপস না করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা গেলে তা অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সবার জন্যই ভালো। কাজের পরিবেশে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান বজায় থাকলে চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়াও আরও ইতিবাচক হতে পারে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন