নভেম্বরের শেষ সপ্তাহে দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টিহীন বা শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে ২৮ নভেম্বর রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতিতে আপাতত দেশের কোথাও বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই চিত্রের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আকাশে সাময়িক মেঘের উপস্থিতি থাকলেও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
শনিবার (২৮ নভেম্বর) আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে তাপমাত্রার ক্ষেত্রে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রোববার (২৯ নভেম্বর) এবং সোমবার (৩০ নভেম্বর) আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ দুই দিনও সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আগামী পাঁচ দিনের পরও আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন