কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক বয়োবৃদ্ধ সাবেক ইউপি সদস্যকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই সাবেক মেম্বার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, তিনি দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। মেম্বার থাকাকালীন তাঁর বাড়ির সামনে রাখা কিছু ইট রাত সাড়ে ৮টার দিকে নিয়ে যাওয়ার সময় তিনি তাতে বাধা দেন। এর জেরে পরদিন ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছিদ্দিক তাঁকে ডেকে নিয়ে চড়-থাপ্পড়, ধাক্কাধাক্কি ও মারধর করেন।

ক্ষোভ প্রকাশ করে বয়োবৃদ্ধ এই সাবেক মেম্বার বলেন, তিনি আবু ছিদ্দিকের বাবার সমবয়সী একজন অসুস্থ ও মুরুব্বি মানুষ-যিনি ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। কেবল অর্থবিত্ত ও দলীয় পদের দাপট দেখিয়ে আবু ছিদ্দিক তাঁর ওপর এ অন্যায় ও অত্যাচার চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী।