বিয়ে ও পারিবারিক জীবনের নানা জটিলতা, হাস্যরস এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে পর্দায় আসছে নতুন একক নাটক ‘বিবাহ বিভ্রাট’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ও অভিনেতা ইরফান সাজ্জাদ। ভিন্নধর্মী গল্পের এই নাটকটি নির্মাণ করেছেন প্রীতি দত্ত।
নাটকটির কাহিনি রচনার পাশাপাশি পরিচালনাও করেছেন প্রীতি দত্ত। চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ। নির্মাতাদের প্রত্যাশা, বিয়ে ও পারিবারিক জীবনের পরিচিত কিছু বিষয়কে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা এই নাটক দর্শকের ভালো লাগবে।
আবারও জুটি বাঁধলেন সাদিয়া ও ইরফান
‘বিবাহ বিভ্রাট’ নাটকে সাদিয়া আয়মানের বিপরীতে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। এর আগেও একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন এই দুই তারকা। তাদের অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘প্রিয় পরিবার’, ‘ফ্যামিলি এক্সপ্রেস’, ‘বর্ষা ও বাদলের সংসার’, ‘পুনরাবৃত্তি’, ‘আলোর জোনাকী’, ‘সে থাকে আড়ালে’, ‘হোপ’, ‘ভালোবাসার মেঘ বৃষ্টি’, ‘বিষন্ন মেঘ’, ‘পাথরে লেখা নাম’, ‘যেন তোমারই জন্য’, ‘কালো বরফ’ ও ‘কিস্তিতে প্রেম’।
এসব নাটকে তাদের অভিনয় দর্শকের নজর কেড়েছে। সেই ধারাবাহিকতায় নতুন গল্প নিয়ে আবারও একসঙ্গে পর্দায় আসছেন তারা।
থাকছেন আরও যারা
নাটকটিতে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, বাপ্পি বাসার, শশী আফরোজা, সাজ্জাদ চৌধুরী, সায়রা প্রমুখ।
শিগগিরই নাটকটি ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।
নাটকটি নিয়ে যা বললেন সাদিয়া আয়মান
‘বিবাহ বিভ্রাট’ নিয়ে আশাবাদী অভিনেত্রী সাদিয়া আয়মান। তার ভাষ্য, আগে যেসব নাটকে অভিনয় করেছেন, সেগুলোর তুলনায় এই নাটকের গল্প ও চরিত্র কিছুটা ভিন্ন। দর্শক নাটকটি উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
‘আরও কিছুক্ষণ’ সিনেমায়ও প্রশংসিত সাদিয়া
নাটকের পাশাপাশি সম্প্রতি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আরও কিছুক্ষণ’-এ অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন সাদিয়া আয়মান। রুবায়েত মাহমুদ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা শাফিন আহমেদ।
নতুন নাটক ‘বিবাহ বিভ্রাট’ এবং সাম্প্রতিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এবার নতুন নাটকে সাদিয়া ও ইরফানের জুটি দর্শকের কতটা মন জয় করতে পারে, সেটিই দেখার অপেক্ষা।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন