সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) এ হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
আজ রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।
হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। নিহত বাংলাদেশিদের পরিবারসহ সব শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালানো গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও উল্লেখ করা হয়।
এ ঘটনায় সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় সংকটের সময়ে সৌদি আরবের পাশে থাকার অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে। পাশাপাশি বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন