চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থ বিজ্ঞান ভুল প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নের ভুলের কারণে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, এবার দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে।
তিনি আরও জানান, ভারী বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রামের পাঁচটি জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিকূল আবহাওয়া ও অনিবার্য কারণে কিছু পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি।
শিক্ষামন্ত্রী বলেন, যেসব পরীক্ষার্থী আবহাওয়া বা অন্য অনিবার্য কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার দিন একই প্রশ্নে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন