বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের মান নিশ্চিত করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষাকে বিসিএস পরীক্ষার মানে উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যকার বৈষম্য এবং শিক্ষকদের আত্মীকরণসংক্রান্ত জটিলতা নিরসনেও কাজ চলছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই এনটিআরসিএর নিয়োগ পরীক্ষাকে বিসিএস পরীক্ষার সমমানের করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য এবং আত্মীকরণ নিয়ে যেসব জটিলতা রয়েছে, সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষকদের দায়িত্ব ও অবদানের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, একজন শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে শিক্ষকতার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কতটুকু অবদান রাখা যাচ্ছে, সেটিই বিবেচনায় নেওয়া উচিত।

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশিক্ষণ শুধু প্রচলিত ধারায় সীমাবদ্ধ রাখা যাবে না। এতে নতুনত্ব, সৃজনশীলতা ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম সাজানোর পরামর্শও দেন তিনি। শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, পরিচালক অধ্যাপক মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।