নওগাঁয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামণ্ডপ কমিটিগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ। আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলার দুবলহাটী রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দুবলহাটী, শিকারপুর ও শৈলগাছী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের কমিটির প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান।

নওগাঁয় দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের বিশেষ নির্দেশনা
নওগাঁর দুবলহাটীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ কমিটিগুলোর সঙ্গে আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। | ছবি: সংগৃহীত

এ সময় দুবলহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান এবং বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের নিরাপত্তা, সতর্কতা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দুর্গাপূজায় প্রশাসনিক নজরদারি বাড়ানো হবে। এ সময় পূজামণ্ডপ কমিটিগুলোকে সর্বদা সজাগ থাকার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন তিনি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও পূজামণ্ডপ কমিটিগুলোর সমন্বিত উদ্যোগে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।