ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উপকারভোগী নির্বাচনে কেউ অনিয়মের চেষ্টা করলে তা সংশ্লিষ্টদের জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্যও।
টুকু জানান, ফ্যামিলি কার্ডের জন্য পর্যায়ক্রমে সবাইকে অন্তর্ভুক্ত করা হবে। এ জন্য নিয়োগপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। পরে তথ্য যাচাই-বাছাই করে উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে।
তিনি বলেন, কার্ড পেতে কাউকে দৌড়াদৌড়ি কিংবা তদবির করার প্রয়োজন নেই। তথ্য সংগ্রহ ও যাচাইয়ের প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের চেষ্টা দেখা গেলে তা জানাতে হবে। অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন সেই কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা এবং মন্দিরের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থার কথা তুলে ধরেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। টাঙ্গাইলের উন্নয়নে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নেও সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান।
এ সময় নির্বাচনের আগে বিভিন্ন পক্ষের দেওয়া প্রতিশ্রুতি সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্য, মানুষকে মিথ্যা আশ্বাস না দিয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করা উচিত।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে নজরদারি করা হবে। পাশাপাশি পূজার সার্বিক আয়োজনে প্রশাসন সহযোগিতা করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মাহমুদুল হক সানু এবং জেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া।
এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা চালের ডিও বিতরণ করা হয়। পাশাপাশি টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের পূজামণ্ডপের জন্য পৌরসভার দেওয়া আর্থিক অনুদান বিতরণ কার্যক্রমেও অংশ নেন প্রতিমন্ত্রী।
ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ শুরুর মধ্য দিয়ে উপকারভোগী পরিবার চিহ্নিত করার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং অনিয়ম ঠেকানোই এখন গুরুত্বপূর্ণ বিষয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন