চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড জেলে পাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও তথ্য সংগ্রহকারীগণ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন, “ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি যুগান্তকারী ও মানবিক উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশের একটি পরিবারও রাষ্ট্রের সেবার বাইরে থাকবে না। সেই লক্ষ্য বাস্তবায়নেই একটি পরিবারের জন্য একটি কার্ড।”

চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
চন্দনাইশে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করছেন সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। | ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, “আগে বিভিন্ন ভাতা ও সহায়তার জন্য মানুষকে দ্বারে দ্বারে ঘুরতে হতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই হয়রানি বন্ধ হচ্ছে। এই একটি ফ্যামিলি কার্ডের মাধ্যমেই প্রতিটি পরিবার খাদ্য নিরাপত্তা, ভাতা ও সামাজিক নিরাপত্তার সকল সুবিধা পাবে। এটি তারেক রহমানের ঘোষিত জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ার অন্যতম পদক্ষেপ।”

তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার মর্যাদা রাখতে হবে। তথ্য সংগ্রহে কোনো অনিয়ম, স্বজনপ্রীতি বা দল-মত দেখা চলবে না। প্রকৃত গরীব ও অসহায়রাই যেন এই কার্ড পায়, তা শতভাগ নিশ্চিত করতে হবে।”

ইউএনও মো. আবদুর রহমান বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়িত হলে সরকারি সেবা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

ছবির ক্যাপশন: চন্দনাইশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করছেন সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।