তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ নভেম্বর থেকে দেশের ৫৬ জেলার সব উপজেলায় এ কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী তরুণেরা ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য এ কর্মসূচিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাওয়ার সুযোগ রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচির মূল লক্ষ্য হলো সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করা এবং তাঁদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা দেওয়া। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের স্বাবলম্বী করা এবং উদ্ভাবনী ব্যবসার প্রসার ঘটানোর পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলায় আবেদন গ্রহণ করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব উপজেলায় মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে নেত্রকোণা জেলা থেকে। জেলাটিতে মোট ৫ হাজার ৩৫১টি আবেদন জমা হয়েছে।

এ কর্মসূচির মাধ্যমে যেসব তরুণের নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা রয়েছে, তাঁরাও অর্থায়নের সুযোগ পাবেন। অর্থাৎ, আবেদন করার জন্য আগে থেকেই ব্যবসা পরিচালনা করার বাধ্যবাধকতা নেই। তবে আবেদনকারীকে অবশ্যই নির্দিষ্ট বয়সসীমা ও এলাকার স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত পূরণ করতে হবে।

কারা আবেদন করতে পারবেন?

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। পাশাপাশি, যে উপজেলার জন্য আবেদন করা হবে, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর একটি বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা বা সম্ভাবনাময় ব্যবসার ধারণা থাকতে হবে। নতুন ব্যবসা শুরু করতে ইচ্ছুক তরুণদের পাশাপাশি বিদ্যমান ব্যবসা সম্প্রসারণে আগ্রহীরাও এ সুযোগের জন্য আবেদন করতে পারবেন।

কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পেতে পারেন। তবে অর্থায়ন পাওয়ার বিষয়টি নির্ধারিত শর্ত ও যাচাই-বাছাইয়ের ওপর নির্ভর করবে। আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ কর্মসূচির সুবিধা পাবেন না।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী তরুণদের আগামী ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় ফরম জমা দিতে হবে। আবেদন করার আগে প্রয়োজনীয় তথ্য ও শর্তগুলো ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।

আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টাল www.bb.org.bd/smespd_portal থেকে সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিয়ে তরুণেরা নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থায়ন পাওয়ার সুযোগ নিতে পারবেন।