বাংলাদেশের ফুটপাতের ভ্রাম্যমাণ খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ব্যবসায়িক নিরাপত্তা দিতে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। তবে তাদের দাবি, নিবন্ধনের পাশাপাশি ফুটপাত থেকে চাঁদাবাজি ও উচ্ছেদ হয়রানি বন্ধ করে ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা বলছেন, এসব সমস্যা থেকে মুক্তি পেলে নিবন্ধন করতে তাদের কোনো আপত্তি নেই।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্ধারিত ১৬টি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করে এবার ফুটপাতের ভ্রাম্যমাণ খাদ্য ব্যবসা, ঝালমুড়ি বিক্রি এবং এ ধরনের ছোটখাটো পেশাকেও নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের লক্ষ্য, দেশের লক্ষাধিক ফুটপাত ব্যবসায়ীকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করার পাশাপাশি তাদের ব্যবসাকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমবারের মতো সম্পূর্ণ বিনা মূল্যে নিবন্ধনের সুযোগ পাবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে তিন বছর পর দোকানের আয়তন ও ব্যবসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করতে হবে। এ উদ্যোগকে ঘিরে একদিকে যেমন ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে, অন্যদিকে নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা ও ভবিষ্যতের খরচ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সরেজমিনে পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় কবি নজরুল সরকারি কলেজের সামনে গিয়ে দেখা যায়, সেখানে প্রায় শতাধিক ফুটপাত ব্যবসায়ী বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছেন। সরকারের নতুন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে অধিকাংশ ব্যবসায়ী এটিকে ইতিবাচক হিসেবে দেখেন। তবে তাদের মতে, শুধু নিবন্ধন করলেই সমস্যার সমাধান হবে না। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রতিদিন যেসব বাধা ও হয়রানির মুখে পড়তে হয়, সেগুলোও দূর করতে হবে।

এ বিষয়ে ‘বরিশাল নিউ শাহী কাবাব ঘর’-এর ফুড স্টল ব্যবসায়ী পাশা মোহাম্মদ প্রিন্স বলেন, এটি সরকারের একটি ভালো উদ্যোগ। তারা সরকারি জায়গায় ব্যবসা করেন বলে সরকারকে কর দিতে তাদের কোনো আপত্তি নেই। তবে ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ফুটপাত থেকে চাঁদা তোলা বন্ধ করতে হবে। নিবন্ধনের বিনিময়ে সরকার যদি ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারে, তাহলে এ উদ্যোগ সবার জন্যই উপকারী হবে বলে মনে করেন তিনি।

ঝালমুড়ি বিক্রেতা শরিফ মিয়াও সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তার মতে, স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তবে নিবন্ধনের প্রক্রিয়া সহজ না হলে ছোট ব্যবসায়ীদের জন্য তা বাড়তি ভোগান্তির কারণ হতে পারে। তাই নিবন্ধন কার্যক্রম যেন সহজভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আখের রস বিক্রেতা রিমন আলী বলেন, নিবন্ধনের জন্য যদি নিজ জেলায় যেতে হয়, তাহলে তার মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের বেশ হয়রানির শিকার হতে হবে। প্রথমবারের মতো পরবর্তী নিবন্ধন প্রক্রিয়াটিও যদি ছোট ব্যবসায়ীদের জন্য বিনা মূল্যে রাখা হয়, তাহলে তাদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে না।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পিঠা বিক্রেতা জানান, প্রতিদিন উচ্ছেদ আতঙ্কের মধ্যে ব্যবসা পরিচালনা করতে হয় তাদের। এই নিবন্ধনের মাধ্যমে যদি উচ্ছেদ হয়রানি থেকে মুক্তি পাওয়া যায় এবং চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়, তাহলে প্রয়োজনে টাকা দিয়েও নিবন্ধন করতে রাজি আছেন তারা।

সব মিলিয়ে সরকারের নতুন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ফুটপাতের ক্ষুদ্র খাদ্য ব্যবসায়ীরা। তবে নিবন্ধনের পাশাপাশি ব্যবসার স্থায়ী নিরাপত্তা, চাঁদাবাজি বন্ধ এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করাই এখন তাদের প্রধান প্রত্যাশা।