রাজেশ শর্মা অসুস্থ। দক্ষিণি সুপারস্টার প্রভাসের নতুন সিনেমার শুটিং চলাকালেই ঘটে অপ্রত্যাশিত দুর্ঘটনা। রামোজি ফিল্ম সিটিতে বিষাক্ত একটি পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
ঘটনাটি ঘটে শুটিং শেষ হওয়ার পর। সহকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় একটি বিষাক্ত পোকা রাজেশ শর্মাকে কামড়ায়। প্রথমদিকে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তিনি স্বাভাবিকভাবেই শুটিং চালিয়ে যান। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ডান পায়ে তীব্র ব্যথা শুরু হয়। পরে জ্বর, দুর্বলতা ও শারীরিক অস্বস্তি বাড়তে থাকলে দ্রুত কলকাতায় ফিরে চিকিৎসা নেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা জানান, সংক্রমণটি দ্রুত ছড়িয়ে পড়েছে। ডান পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত ফোলাভাব ও সংক্রমণ দেখা দিয়েছে। আক্রান্ত স্থানে ফোসকাও তৈরি হয়েছে। একই সঙ্গে শ্বাসকষ্ট ও জ্বরের কারণেও তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজেশ শর্মার ডায়াবেটিস থাকায় চিকিৎসকেরা আরও সতর্কতার সঙ্গে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
চিকিৎসকদের আশঙ্কা, সংক্রমণ জটিল আকার ধারণ করলে রক্ত জমাট বেঁধে ফুসফুসে পৌঁছানোর ঝুঁকি তৈরি হতে পারে। তাই একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। চিকিৎসক অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন, এখনই রাজেশ শর্মাকে পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না। তাঁর শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
অভিনেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী-সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়। তাঁরা জানান, এই কঠিন সময়ে রাজেশ শর্মার পাশে রয়েছেন পরিবারের সদস্য, বন্ধু এবং সহকর্মীরা। বিশেষভাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিয়মিত খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করছেন বলেও তাঁরা উল্লেখ করেন।
রাজেশ শর্মা অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, পরবর্তী কয়েক দিন তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক অবস্থার উন্নতি হলে তবেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন