পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
সুন্দর দেশ গঠনে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তাদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের পটিয়া পৌরসভার ঐতিহ্যবাহী মোহছেনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

পাঁচ বছরের শিক্ষা জীবন শেষে বিদ্যালয় থেকে বিদায় নেওয়া শিক্ষার্থীদের স্মরণীয় করে রাখতে শিক্ষকমণ্ডলী ও এসএমসি সদস্যদের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদায়ী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলী ও এসএমসি সদস্যবৃন্দ অংশ নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মাবিলা এন্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশীদ। প্রধান বক্তা ছিলেন আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা।
প্রধান অতিথির বক্তব্যে এস এম হারুন উর রশীদ বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা একদিন দেশকে নেতৃত্ব দেবে। তাদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে দেশ সুন্দর হবে এবং এগিয়ে যাবে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ দেওয়াও জরুরি। পাশাপাশি মা-বাবা ও শিক্ষকদের কথা মেনে চলার এবং নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি এস এম মঈনুদ্দীন, কমিটির সদস্য আফসানা সুলতানা সামিরা, ইন্সট্রাকটর আবুল মনসুর, সহকারী শিক্ষক মাহমুদুল হক, কমিটির সদস্য পাপিয়া সুলতানা ও সুস্মিতা দে। এ ছাড়া বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ সিংহ।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের জন্য আয়োজিত অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন