পটিয়া প্রতিনিধিঃ মো. ইব্রাহীম চৌধুরী
চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে আগুন লাগলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২৮ নভেম্বর শনিবার ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংগলা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছে।
গ্রামীণ ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে কাশিয়াইশের পিংলা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখার প্রধান ফটকে ২-৩ জন মুখোশধারী এসে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে সঙ্গে সঙ্গে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে যায়। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে ফায়ার স্প্রে ব্যবহার করে তা নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কবির খান জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান জানান, কয়েকজন মুখোশধারী এসে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে যায়। নৈশপ্রহরী ফায়ার স্প্রে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন