মেডিকেল ও ডেন্টালে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময়সূচি ও নম্বর বণ্টনের বিস্তারিত প্রকাশ করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। ১০০ নম্বরের এই পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জীববিজ্ঞান বিষয়ে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, সময় ও বিষয়ভিত্তিক মানবণ্টনের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ ডিসেম্বর সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। চলবে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত। অর্থাৎ পরীক্ষার্থীরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন ৭৫ মিনিট। এইচএসসি পর্যায়ের পাঠ্যসূচির ভিত্তিতে মোট ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর নির্ধারিত।

কোন বিষয়ে কত নম্বর

ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের বিষয়ভিত্তিক বণ্টন হলো-

জীববিজ্ঞান - ৩০ নম্বর।

রসায়ন - ২৫ নম্বর।

পদার্থবিজ্ঞান - ১৫ নম্বর।

ইংরেজি - ১৫ নম্বর।

সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন - ১৫ নম্বর।

এই বণ্টনে জীববিজ্ঞানে সর্বোচ্চ ৩০ নম্বর রাখা হয়েছে। এরপর রসায়নে ২৫ নম্বর এবং পদার্থবিজ্ঞান ও ইংরেজিতে ১৫ নম্বর করে নির্ধারণ করা হয়েছে।

ভুল উত্তরে নম্বর কাটার নিয়ম

পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

জাতীয় পর্যায়ের এই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। পরীক্ষায় পাস করতে না পারলে দেশের কোনো সরকারি বা বেসরকারি মেডিকেল কিংবা ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া যাবে না।

আবেদন ও প্রবেশপত্র ডাউনলোড

ইতিমধ্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

অন্যদিকে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ও রঙিন প্রিন্ট নেওয়ার সুযোগ থাকবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে পরীক্ষার্থীদের।