চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে ভাড়া বাসা থেকে মোহাম্মদ রুবেল হোসেন (৩২) নামে এক টাইলস মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দীঘির পূর্ব পাড় এলাকায় হাজী সিরাজুল ইসলামের ভাড়া টিনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘরের ভেতরে গামছা দিয়ে বাড়ের (আড়া) সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন তিনি।

নিহত রুবেল হোসেন বৈলতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত মোহাম্মদ খোরশেদুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় এক শ্রমিক রুবেলকে কাজের জন্য খুঁজতে তার ভাড়া বাসায় যান। ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে।

স্থানীয়দের দাবি, অনলাইন জুয়া ও মাদকাসক্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে কলহ চলছিল। এর জেরেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।