চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রাম উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড ছৈয়দ মোহাম্মদ পাড়া সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে
সামাজিক বিভিন্ন অপরাধ ও মাদকের ভয়াবহতা রোধে তরুণ ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রাতে ছৈয়দ মোহাম্মদ পাড়া শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এই আলোচনা সভা ও মাদকের বিরুদ্ধে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও এলাকার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আলোচনা সভায় সমাজসেবক আলহাজ্ব বদিউল আলম সওদাগর এর সভাপতিত্বে আয়োজক কমিটির সদস্য এমদাদ হোসাইন মাসুদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠক মোঃ মামুন,এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর প্রবাসী মো: শরীফজ্জামান, সমাজসেবক মোঃ আবদুর রহিম সওদাগর,
আরিফ মিয়া, দেলোয়ার হোসেন সওদাগর, মিজানুর রহমান, ইমতিয়াজ, রবিউল হোসেন,জোবাইদুল ইসলাম টিপু, ওয়াহিদ,শাহীন, রুবেল প্রমুখ।

এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের উপদেষ্টা ও সকল সদস্যবৃন্দ এবং প্রতিটি পরিবারের অভিভাবক নারী-পুরুষ সবার উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

চন্দনাইশে মাদকবিরোধী আলোচনা সভায় তরুণদের অংশগ্রহণ ও শপথ
চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড ছৈয়দ মোহাম্মদ পাড়া সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সভায় তরুণদের অংশগ্রহণ ও প্ল্যাকার্ড প্রদর্শন।

বক্তারা বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। মাদক ধ্বংস করছে তরুণদের মেধা ও সৃজনশীলতা। এতে সামাজিক অবক্ষয় হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে মুক্তি পেতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পরিবার, সামাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, মাদকাসক্ত হয়ে সন্তানরা বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে। বাবা-মাকে জিম্মি করে অর্থ-সম্পদ নিচ্ছে। মাদকের কারণে কিশোর গ্যাংয়ের জন্ম হয়েছে। নেশাগ্রস্ত হয়ে কিশোররা বিভিন্ন অপকর্ম করছে।

সন্তানদের মাদকের ছোবল থেকে বাচাতে পরিবারকে সময় দিতে হবে। মাদকদ্রব্য প্রতিরোধে পরিবার, সমাজ, সাংস্কৃতিক সংগঠন, ক্লাবগুলোকে সম্পৃক্ত করতে হবে। ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে সচেতন হতে হবে। আমরা তরুণরা বিকল্প উপায় কাজে লাগিয়ে মাদকমুক্ত নতুন গ্রাম বা দেশ গড়তে চাই।সবার সম্মিলিত চেষ্টায় দেশ ও সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব।