বাংলাদেশি রোবট দল আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। একই প্রতিযোগিতার ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে টিম অডিসি এক্স সপ্তম স্থান অর্জন করেছে।
২৫ থেকে ২৭ সেপ্টেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের ২৫টি দেশের ১৪৯টি দল অংশ নেয়। বাংলাদেশ থেকে তিনটি ক্যাটাগরিতে মোট চারটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের শক্তিশালী দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের তরুণ প্রতিযোগীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরেন।
ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ব্রোঞ্জ পাওয়া টিম ব্লুপ্রিন্টের সদস্য হলেন সৈয়দ সুবেহ-সাদিক শোলক, মো. আজমাইন শাক ও সাম্মান রাহিন। অন্যদিকে ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে সপ্তম হওয়া টিম অডিসি এক্সে ছিলেন আবিদা ওয়াদুদ ও সাদমান আল হক। এছাড়া একই ক্যাটাগরিতে টিম নেবুকোডার্স এবং রোবোমিশন সিনিয়র ক্যাটাগরিতে টিম রোবোম্যানিয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
ব্রোঞ্জজয়ী দলের সদস্য আজমাইন শেখ রুবায়েদ বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন তাদের জন্য আনন্দের। বিভিন্ন দেশের দক্ষ দলের সঙ্গে প্রতিযোগিতা করার পাশাপাশি তাদের কাজ কাছ থেকে দেখার এবং নতুন কিছু শেখার সুযোগ হয়েছে। তার মতে, এই অভিজ্ঞতা ভবিষ্যতে আরও ভালো করার জন্য তাদের অনুপ্রেরণা দেবে।
আন্তর্জাতিক বিচারক রেদওয়ান ফেরদৌস জানান, এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের দলগুলোকে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতিতেও তারা মেধা, দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা কাজে লাগিয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করেছে। তার মতে, তৃতীয় স্থান অর্জন বাংলাদেশের দলের পারফরম্যান্সের স্বীকৃতি।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) নির্বাহী সদস্য ও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের ন্যাশনাল অর্গানাইজার প্রমি নাহিদ দলনেতা এবং নাসির খান সৈকত কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচিত ৯ জন প্রতিযোগীসহ বাংলাদেশ দলের মোট সদস্য ছিলেন ১৩ জন। দলনেতা প্রমি নাহিদের মতে, রোবট তৈরি করার পাশাপাশি সমস্যা বিশ্লেষণ, সময় ব্যবস্থাপনা, দ্রুত সিদ্ধান্ত ও দলগত সমন্বয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের দলগুলোর এই অভিজ্ঞতা ভবিষ্যতের আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতার প্রস্তুতিতে কাজে আসবে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন