কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনতে পরিচালনা পর্ষদকে রাজি করানোর কৃতিত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তে নিজের সরাসরি ভূমিকা ছিল বলে দাবি করেছেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রেখেছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা জানান ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন এবং তাদের রাজি করিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘আমি তাদের সঙ্গে কথা বলেছি। তাদের রাজি করিয়েছি। আমিই চুক্তিটি করেছি।’ তাঁর দাবি, জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে পরিচালনা পর্ষদ তাঁর কাছে প্রয়োজনীয় নিশ্চয়তা চেয়েছিল।

ট্রাম্প জানান, মার্কিন প্রশাসনের কাছে থাকা তথ্যের ভিত্তিতে পর্ষদকে আশ্বস্ত করা হয়েছে। এ বিষয়ে সরকার যতটুকু জানে, সেই অনুযায়ী প্রয়োজনীয় নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। হুয়াংকে আবারও নেতৃত্বে ফিরিয়ে আনার সিদ্ধান্তকে সমর্থন করে ট্রাম্প বলেন, পরিচালনা পর্ষদ দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছে।

হুয়াংকে নেতৃত্বে রাখার গুরুত্ব তুলে ধরে ট্রাম্প বলেন, তাঁকে হারানোর চেয়ে দায়িত্বে রাখাই যুক্তরাষ্ট্রের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, হুয়াংকে দায়িত্বে রাখা কোনো হুমকি নয়, বরং তাঁকে হারানোই হুমকি। এনভিডিয়ার শেয়ারবাজারে দরপতন এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে কি না, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘সম্ভবত তাই।’ তবে দীর্ঘ মেয়াদে প্রতিষ্ঠানের নেতৃত্ব ও সক্ষমতা ধরে রাখাকে বেশি গুরুত্ব দেন তিনি।

ট্রাম্প আরও জানান, পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা শেষ করে রোববার রাতে তিনি হুয়াংয়ের সঙ্গে কথা বলেন। সে সময় তাঁকে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এর আগে ১২ নভেম্বর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। এ ঘটনাকে কেন্দ্র করে অ্যালিস হুয়াং নামের এক নারীর নামও আলোচনায় আসে। তাঁর বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল।

হুয়াংকে পুনরায় দায়িত্বে ফেরানোর প্রস্তাব শুরুতে নাকচ করেছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। তবে ট্রাম্পের সমর্থন ও তাঁর সঙ্গে আলোচনার পর সোমবার প্রতিষ্ঠানটি হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনার ঘোষণা দেয়। পর্ষদের চেয়ারম্যান হার্ভে সি জোনস জানান, যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা এবং তাঁদের মতামত বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদের মতে, হুয়াংয়ের প্রত্যাবর্তনে জাতীয় নিরাপত্তার ঝুঁকি নেই।

এদিকে, সিদ্ধান্তটি ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের অভিযোগ, জাতীয় নিরাপত্তার চেয়ে এনভিডিয়ার ব্যবসায়িক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে, রিপাবলিকান সিনেটর টম কটন জানিয়েছেন, এনভিডিয়া ও সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে কংগ্রেস তদন্ত করবে।

সিনেটর এলিজাবেথ ওয়ারেনও হুয়াংকে পুনর্বহালের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি একে বেপরোয়া পদক্ষেপ বলে মন্তব্য করেন। এদিকে, আগামী ১ ডিসেম্বর প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির রুদ্ধদ্বার বৈঠকে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে হুয়াংয়ের। এর দুই দিন পর সিনেটের ব্যাংকিং কমিটিতেও তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।