ইরানে বাধ্যতামূলক হিজাব না পরে সংগীত পরিবেশনের ঘটনায় জনপ্রিয় গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। একই শাস্তি কার্যকর করা হয়েছে তার সংগীত ও প্রযোজনা দলের আরও চার সদস্যের ওপর। সোমবার (২৩ নভেম্বর) ইরানের কোম শহরে এ শাস্তি কার্যকর হয় বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। খবরটি বিবিসি ও রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ২০২৪ সালের ডিসেম্বরে হিজাব ছাড়াই একটি সংগীতানুষ্ঠানে অংশ নেন। ওই পরিবেশনায় তার পরনে ছিল হাতাকাটা পোশাক। অনুষ্ঠানটি ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়। পরে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ইরানের পোশাকবিধি ও নারীদের সাংস্কৃতিক স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

ঘটনার পর আহমাদি ও তার দলের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়। চলতি বছরের জুনে কোমের একটি ফৌজদারি আদালত তাদের বিরুদ্ধে ‘জনশালীনতা ক্ষুণ্ন’ এবং অনলাইনে ‘অশালীন ও অনৈতিক’ বিষয়বস্তু প্রকাশের অভিযোগে রায় দেন। অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।

আদালতের রায়ে ৭৪ বার বেত্রাঘাতের পাশাপাশি দুই বছরের জন্য শৈল্পিক ও সংগীতসংক্রান্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেপ্টেম্বরে আপিল আদালতও সাজা বহাল রাখেন বলে আইনজীবীরা জানিয়েছেন।

আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, সাজা কার্যকরের আগে তারা রায় বাতিল, শাস্তি কমানো কিংবা তা স্থগিত রাখার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের আবেদন গ্রহণ করেনি। শেষ পর্যন্ত সোমবার কোমের সাজা কার্যকরকারী দপ্তরে আহমাদিসহ পাঁচজনের ওপর বেত্রাঘাত করা হয়।

বেত্রাঘাতের শিকার অন্য চারজন হলেন সোহেল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া ও মোহসেন লাশকারি। তাদের মধ্যে তিনজন সংগীতশিল্পী এবং একজন প্রযোজনা দলের সদস্য। ইরানি সংবাদমাধ্যম এতেমাদ আইনজীবী মোস্তফা নিলির বরাতে তাদের নাম প্রকাশ করেছে।

এ ঘটনায় ইরানের শিল্পী ও মানবাধিকারকর্মীদের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। তাদের মতে, শিল্পচর্চা ও পোশাকের স্বাধীনতার কারণে কাউকে বেত্রাঘাত করা নিষ্ঠুর ও অমানবিক শাস্তি। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের অ্যাডভোকেসি পরিচালক বাহার গান্ধারিও এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

ইরানে নারীদের জন্য জনসমক্ষে হিজাব পরা ও শালীন পোশাকবিধি মেনে চলা বাধ্যতামূলক। দেশটিতে নারীদের এককভাবে জনসমক্ষে গান পরিবেশনের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ রয়েছে। এসব নিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিল্পী ও অধিকারকর্মীরা প্রতিবাদ জানিয়ে আসছেন।

২০২২ সালের সেপ্টেম্বরে নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হিজাবসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তার মৃত্যুর প্রতিবাদে বহু নারী-পুরুষ রাস্তায় নেমে আসেন। সে সময় অনেক নারী হিজাব পুড়িয়ে বা খুলে প্রকাশ্যে প্রতিবাদ জানান।

এরপর থেকে ইরানের বিভিন্ন শহরে অনেক নারীকে প্রকাশ্যে হিজাব ছাড়া চলাফেরা করতে দেখা গেছে। এর জবাবে কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে গ্রেপ্তার, সতর্কবার্তা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে। পারাস্তু আহমাদির বিরুদ্ধে শাস্তি কার্যকরের ঘটনা দেশটিতে নারীর পোশাক, মতপ্রকাশ ও সাংস্কৃতিক স্বাধীনতা নিয়ে চলমান বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।