ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সরকারি সফরসূচি অনুযায়ী, সফরের শুরুতেই পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকালে ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুরের দিকে পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে প্রকল্প উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। এর পর তিনি ফুলগাজীর উদ্দেশে যাত্রা করবেন।
ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের সময়ও নির্ধারিত রয়েছে।
দিনের শেষভাগে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচি রয়েছে।
ফেনী সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতিও চলছে। বিভিন্ন কর্মসূচির স্থান প্রস্তুত, মঞ্চ নির্মাণ, অস্থায়ী হেলিপ্যাড, বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্যানিটেশন, পরিচ্ছন্নতা এবং সড়ক সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থাপনাও সফরকে সামনে রেখে সমন্বয় করা হচ্ছে।
এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের সময়সূচি নির্ধারিত ছিল। পরে সেই সফর স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ ঠিক করা হয়। বর্তমান সূচি অনুযায়ী বিকেল সাড়ে ৫টার দিকে ফেনী ছাড়ার এবং রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন