শিশুর মন-মানসিকতা, চিন্তাভাবনা ও জীবনাচার গঠনে পারিবারিক পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুর শিক্ষার হাতেখড়ি হয় পরিবার থেকেই। মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের আচার-আচরণ, ইবাদত-বন্দেগি এবং জীবনযাপনের ধরন শিশুর কোমল মনে গভীর প্রভাব ফেলে। তাই ছোটবেলা থেকেই শিশুর মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও ইবাদতের অভ্যাস গড়ে তুলতে ঘরের পরিবেশকে দ্বীনবান্ধব করে তোলা প্রয়োজন।
এ ক্ষেত্রে ঘরে নামাজ ও ইবাদতের জন্য একটি নির্দিষ্ট স্থান রাখা হতে পারে সুন্দর উদ্যোগ। এতে পরিবারের সদস্যরা যেমন নিয়মিত নামাজ আদায়ে উৎসাহিত হন, তেমনি শিশুরাও বড়দের দেখে ইবাদতের প্রতি আগ্রহী হয়ে ওঠে।
ঘরে নামাজের স্থান রাখার বিষয়ে হাদিস
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ঘরে ঘরে ও পাড়া-মহল্লায় মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন এবং সেগুলো পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৫৫)
ঘরে নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট স্থান রাখার প্রচলন রাসুলুল্লাহ (সা.)-এর সময়েও ছিল। হজরত আবদুল্লাহ ইবনে শাদ্দাদ (রা.) বর্ণনা করেন, তিনি তাঁর খালা ও রাসুলুল্লাহ (সা.)-এর স্ত্রী মাইমুনা (রা.)-এর কাছে শুনেছেন, তিনি হায়েজ অবস্থায় নামাজ আদায় করতেন না। এ সময় তিনি রাসুলুল্লাহ (সা.)-এর নামাজের স্থানের সামনে শুয়ে থাকতেন। আর রাসুলুল্লাহ (সা.) তাঁর চাটাইয়ের ওপর নামাজ আদায় করতেন। সিজদার সময় তাঁর কাপড়ের কিছু অংশ মাইমুনা (রা.)-এর শরীরে স্পর্শ করত। (সহিহ বুখারি, হাদিস: ৩৩৩)
হাদিসের ব্যাখ্যাকার আল্লামা ইবনে হাজার আসকালানি (রহ.) বলেছেন, এখানে নামাজের স্থান বলতে ঘরের মধ্যে নামাজ আদায়ের জন্য নির্ধারিত জায়গাকে বোঝানো হয়েছে। (ফাতহুল বারি, ১/৫৫০)
পরিবারের সদস্য ও অতিথিদের নামাজে উৎসাহিত করে
ঘরে নামাজের জন্য নির্দিষ্ট স্থান থাকলে পরিবারের সদস্যদের পাশাপাশি অতিথিরাও নামাজ আদায়ে উৎসাহিত হতে পারেন। অনেক সময় বাড়িতে এমন অতিথি আসেন, যাঁরা নিয়মিত নামাজ আদায়ে অভ্যস্ত নন। ঘরের পরিচ্ছন্ন ও সুন্দর একটি ইবাদতের স্থান তাঁদের মনেও নামাজের প্রতি আগ্রহ তৈরি করতে পারে।
এভাবে ঘরের ছোট্ট একটি উদ্যোগ অন্যের ইবাদতের অভ্যাস গড়ে তুলতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সাহাবিদের জীবনেও ছিল ঘরে নামাজের স্থান
সাহাবায়ে কেরামের জীবনেও ঘরে নামাজের স্থান নির্ধারণের গুরুত্ব দেখা যায়। হজরত মাহমুদ ইবনে রাবি (রা.) থেকে বর্ণিত, হজরত ইতবান ইবনে মালিক আনসারি (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে জানান, তাঁর দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে। বাড়ি থেকে গোত্রের মসজিদে যাওয়ার পথে পানি জমে থাকায় তাঁর চলাচলে অসুবিধা হতো। তাই তিনি রাসুলুল্লাহ (সা.)-কে তাঁর বাড়িতে এসে একটি নির্দিষ্ট স্থানে নামাজ আদায় করার অনুরোধ করেন। তিনি চেয়েছিলেন, সেই স্থানটিকে নিজের নামাজের জায়গা হিসেবে নির্ধারণ করতে।
রাসুলুল্লাহ (সা.) তাঁর অনুরোধে সম্মতি দেন। একদিন তিনি আবু বকর (রা.)-কে সঙ্গে নিয়ে ইতবান (রা.)-এর বাড়িতে উপস্থিত হন। ঘরে প্রবেশ করে তিনি জানতে চান, কোন জায়গায় নামাজ আদায় করতে হবে। ইতবান (রা.) একটি স্থান দেখিয়ে দিলে রাসুলুল্লাহ (সা.) সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এরপর সাহাবিরাও তাঁর পেছনে জামাতে নামাজ পড়েন। (সহিহ বুখারি, হাদিস: ৮৪০)
এই ঘটনা থেকে বোঝা যায়, ঘরে নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট স্থান রাখার বিষয়টি সাহাবিদের কাছেও গুরুত্বপূর্ণ ছিল।
শিশুদের নামাজের অভ্যাস গড়ে তুলতে সহায়ক
শিশুরা সাধারণত বড়দের দেখে অনেক কিছু শেখে। মা-বাবাকে নিয়মিত নামাজ পড়তে দেখলে তাদের মধ্যেও নামাজের প্রতি আগ্রহ তৈরি হতে পারে। ঘরে নির্দিষ্ট নামাজের জায়গা থাকলে শিশুরা সেখানে মা-বাবার পাশে দাঁড়িয়ে নামাজের অনুশীলন করতে পারবে।
অনেক পরিবারে ছেলেশিশুদের মসজিদে নিয়ে যাওয়ার সুযোগ থাকলেও মেয়েশিশুদের ক্ষেত্রে সব সময় তা সম্ভব হয় না। ঘরে নামাজের স্থান থাকলে ছেলে ও মেয়ে উভয় শিশুই সেখানে নামাজের অভ্যাস গড়ে তোলার সুযোগ পাবে।
এভাবে কোনো আনুষ্ঠানিক পাঠ ছাড়াই পারিবারিক পরিবেশের মাধ্যমে শিশুরা ইবাদতের সঙ্গে পরিচিত হতে পারে। ছোটবেলা থেকে নামাজের প্রতি ভালোবাসা তৈরি হলে বড় হয়েও সেই অভ্যাস ধরে রাখা সহজ হতে পারে।
কীভাবে ঘরে ইবাদতের স্থান তৈরি করবেন?
ঘরে নামাজের জন্য আলাদা কক্ষ থাকা জরুরি নয়। সামর্থ্য ও সুযোগ অনুযায়ী পরিচ্ছন্ন, নিরিবিলি ও সুশৃঙ্খল একটি জায়গা নির্ধারণ করলেই হয়। সেখানে জায়নামাজ, প্রয়োজনীয় ইবাদতের সামগ্রী ও কোরআন শরিফ রাখার ব্যবস্থা করা যেতে পারে।
স্থানটি নিয়মিত পরিষ্কার রাখা এবং পরিবারের সদস্যদের নামাজের সময় সেখানে ইবাদতের পরিবেশ বজায় রাখাও গুরুত্বপূর্ণ। শিশুদেরও এই জায়গার পরিচ্ছন্নতা ও ব্যবহারের বিষয়ে সচেতন করা যেতে পারে।
পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর উদ্যোগ
শিশুর নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। তাই শুধু মুখে উপদেশ দেওয়ার পরিবর্তে মা-বাবার নিজেদের আমল ও ঘরের পরিবেশের মাধ্যমেও শিশুদের শিক্ষা দেওয়া প্রয়োজন।
সুতরাং প্রতিটি মুসলিম পরিবারের উচিত, সামর্থ্য অনুযায়ী ঘরে নামাজ ও ইবাদতের জন্য একটি নির্দিষ্ট স্থান রাখা। এই ছোট উদ্যোগ পরিবারের সদস্যদের ইবাদতে মনোযোগী করার পাশাপাশি শিশুদের মধ্যে দ্বীনি মূল্যবোধ ও আল্লাহমুখী জীবন গড়ে তুলতে সহায়ক হতে পারে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন