মুসলমানদের কাছে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের বিশেষ মর্যাদা এবং এ দিনের বিভিন্ন আমলের কথা উল্লেখ রয়েছে।

হাদিসে জুমার দিনের পাঁচটি বিশেষ বৈশিষ্ট্যের কথা বর্ণিত হয়েছে। এ দিনেই হজরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, তাঁকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে এবং তাঁর মৃত্যু হয়েছে। এ দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করলে তিনি তা কবুল করেন, যদি সে হারাম কিছু প্রার্থনা না করে। এ ছাড়া জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। (সুনানে ইবনে মাজাহ)

জুমার দিন যেমন ইবাদত ও নেক আমলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, তেমনি এ দিনের নামাজ ও খুতবার কিছু নিয়ম মেনে চলাও জরুরি। বিশেষ করে জুমার খুতবা চলাকালে এমন কিছু কাজ রয়েছে, যেগুলো থেকে মুসল্লিদের বিরত থাকা উচিত।

জুমার দিনে যে ৫ কাজ থেকে বিরত থাকবেন

১. জুমার আজানের পর ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকা

জুমার নামাজের জন্য আজান দেওয়া হলে ব্যবসা-বাণিজ্যসহ দুনিয়াবি কাজকর্ম ছেড়ে নামাজের প্রস্তুতি নেওয়ার নির্দেশ রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,

‘হে মুমিনরা! যখন জুমার দিনে সালাতের জন্য আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো।’ (সুরা জুমুআ, আয়াত: ৯)

তাই জুমার নামাজের জন্য নির্ধারিত আজান হওয়ার পর ব্যবসা-বাণিজ্য কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত না থেকে নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়া উচিত।

২. খুতবা চলাকালে মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে যাওয়া

অনেক সময় দেরিতে মসজিদে এসে কিছু মুসল্লি অন্যদের কষ্ট দিয়ে সামনের কাতারে যাওয়ার চেষ্টা করেন। বিশেষ করে ইমাম খুতবা শুরু করার পর এ ধরনের কাজ করা থেকে বিরত থাকা জরুরি।

একবার রাসুলুল্লাহ (সা.) খুতবা দেওয়ার সময় এক ব্যক্তিকে মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে যেতে দেখে বলেছিলেন, ‘বসো, তুমি লোকদের কষ্ট দিচ্ছ।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১১১৮)

তাই মসজিদে আগে পৌঁছানোর চেষ্টা করা উচিত। দেরি হয়ে গেলে অন্য মুসল্লিদের অসুবিধা না করে যেখানে জায়গা পাওয়া যায়, সেখানেই বসতে হবে।

৩. খুতবার সময় হাঁটু উঁচু করে বসা

খুতবা চলাকালে দুই হাঁটু উঁচু করে সেগুলো হাত দিয়ে জড়িয়ে বসাকে আরবিতে ‘ইহতেবা’ বলা হয়। হাদিসে জুমার খুতবার সময় এভাবে বসতে নিষেধ করা হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) জুমার দিন ইমামের খুতবা চলাকালে হাঁটু উঁচু করে কাপড় দিয়ে জড়িয়ে বসতে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ১১১০)

তাই খুতবা শোনার সময় এমনভাবে বসতে হবে, যাতে মনোযোগ বজায় থাকে এবং অন্য মুসল্লিদেরও কোনো অসুবিধা না হয়।

৪. খুতবার সময় কথা বলা ও মোবাইল ব্যবহার করা

জুমার খুতবা চলাকালে মনোযোগ দিয়ে ইমামের বক্তব্য শোনা জরুরি। এ সময় পাশের ব্যক্তির সঙ্গে কথা বলা, অপ্রয়োজনীয় ইশারা করা কিংবা মোবাইল ফোনে ব্যস্ত থাকা থেকে বিরত থাকতে হবে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিন ইমাম যখন খুতবা দেন, তখন তুমি যদি তোমার সঙ্গীকে বলো, চুপ থাকো, তাহলেও তুমি অনর্থক কাজ করলে।’ (সহিহ বুখারি, হাদিস: ৯৩৪)

এ হাদিস থেকে বোঝা যায়, খুতবার সময় কথা বলা থেকে বিরত থাকা কতটা গুরুত্বপূর্ণ। তাই মোবাইল ফোন নীরব রাখা এবং খুতবার পুরো সময় মনোযোগ ধরে রাখা উচিত।

৫. খুতবা চলাকালে ঘুমিয়ে পড়া

জুমার খুতবা শোনার সময় অনেকের ঘুম চলে আসে। এতে খুতবার গুরুত্বপূর্ণ বক্তব্য শোনা হয় না এবং মনোযোগও নষ্ট হয়। তাই ঘুম ঘুম ভাব হলে সতর্ক হওয়া উচিত।

এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন, মসজিদে কোনো ব্যক্তির তন্দ্রা এলে সে যেন নিজের স্থান পরিবর্তন করে অন্য জায়গায় বসে। (সুনানে আবু দাউদ, হাদিস: ১১১৯)

অর্থাৎ খুতবা চলাকালে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে স্থান পরিবর্তন করে বসার নির্দেশনা রয়েছে। এতে ঘুমের ভাব কাটতে পারে এবং খুতবায় মনোযোগ দেওয়া সহজ হয়।

জুমার দিনের মর্যাদা রক্ষায় সচেতন হোন

জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ইবাদতের বিশেষ উপলক্ষ। তাই এ দিনের নামাজ যথাসময়ে আদায় করা, খুতবা মনোযোগ দিয়ে শোনা এবং মসজিদে অন্য মুসল্লিদের অসুবিধা হয় এমন কাজ থেকে বিরত থাকা প্রত্যেকের দায়িত্ব।

পাশাপাশি বেশি বেশি দরুদ পাঠ, কোরআন তিলাওয়াত, দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে জুমার দিনটি কাটানো যেতে পারে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য শুধু নামাজ আদায় নয়, বরং ইবাদতের আদব ও শিষ্টাচার মেনে চলাও গুরুত্বপূর্ণ।