বিশ্ববাজারে তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর কমতে দেখা গেছে।
বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৯ সেন্ট কমে ১০৪ ডলার ৬৭ সেন্টে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম কমে দাঁড়িয়েছে ৯৪ ডলার ৭ সেন্টে।
এর আগের দিন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোতে হামলার খবরের পর তেলের দাম বেড়েছিল। তবে বৃহস্পতিবার সকালে বাজারে আবারও দরপতন দেখা যায়। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে হামলার শিকার হয়ে একটি কনটেইনারবাহী জাহাজ ও একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তাঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে গত ১০ দিনে হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের দাবি, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাবেই তারা হামলা জোরদার করছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে সংঘাত বাড়লে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়, যা বিশ্ববাজারে তেলের দামেও প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, তেল পরিবহনের ব্যয় কমানো এবং সরবরাহ পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ বাজারে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে পরিস্থিতি কোন দিকে যায়, তার ওপর নির্ভর করবে আগামী দিনে তেলের দামের গতিপথ।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন