চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কুয়াইশ ভরা পুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ কায়ছার হামিদ রেজভী (২৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে এবি ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াইশ ভরা পুকুর এলাকায়। স্বজন ও বন্ধুদের দেওয়া তথ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা এবি ট্রাভেলসের বাসটি একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে কায়ছার গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহত কায়ছার রাউজানের বাসিন্দা ছিলেন এবং স্থানীয়ভাবে সবাই তাকে কায়ছার নামে চিনতেন। তিনি কুয়াইশ এলাকার এলুমিনিয়াম অক্সিজেন ছৈয়দ আউলিয়া শোরুমে প্রায় আট মাস ধরে চাকরি করছিলেন।
পারিবারিকভাবে কায়ছার ছিলেন তিন ভাইয়ের মধ্যে সবার বড়। তার বাবা মোজাম্মেল হক বর্তমানে দুবাই প্রবাসী। বাবার অসুস্থতার কারণে পরিবারের দায়িত্বে সহযোগিতা করতে কায়ছার চাকরিতে যোগ দিয়েছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
পড়াশোনার পাশাপাশি তিনি পরিবারের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। কায়ছার নোয়াপাড়া ডিগ্রি কলেজের বিবিএ বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন।
কায়ছারের ফুফাতো ভাই নয়ন এবং বন্ধু ও চাচাতো ভাই মনির হোসেন জানান, তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। একই সঙ্গে সহপাঠী, বন্ধু এবং এলাকাবাসীর মধ্যেও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন