জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর পর এবার বাসের ভাড়া বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন জ্বালানি মূল্যের সঙ্গে সমন্বয় করে ভাড়া পুনর্নির্ধারণে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বনানীতে বিআরটিএর কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে বাস মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন। নতুন জ্বালানি দামের কারণে পরিবহন খরচ কতটা বেড়েছে এবং সেই অনুযায়ী বাসের ভাড়া কতটা সমন্বয় করা হবে, তা নিয়ে আলোচনা হবে।
বৈঠকে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জ্বালানির দাম কত শতাংশ বাড়লে বাসের ভাড়া কীভাবে সমন্বয় করা যায়, সে বিষয়ে আগে থেকেই একটি প্রস্তাবনা রয়েছে। পাশাপাশি পরিবহন মালিকদের বিভিন্ন বিষয়ও বৈঠকে তুলে ধরা হবে। শেষ পর্যন্ত সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটিই গুরুত্বপূর্ণ।
এর আগে রোববার রাতে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দরে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।
বাসসহ অধিকাংশ গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। ফলে প্রতি লিটার ডিজেলে পরিবহন খরচ সরাসরি ২০ টাকা বেড়েছে। নতুন পরিস্থিতিতে পরিচালন ব্যয় ও জ্বালানি খরচ বিবেচনায় নিয়ে বাসের ভাড়া সমন্বয়ের বিষয়ে বৈঠকে আলোচনা হবে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন