আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পোশাকের মধ্যে শার্ট অত্যন্ত পরিচিত একটি অনুষঙ্গ। কিন্তু আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যে, পুরুষের শার্টের বোতাম ডানদিকে আর নারীদের শার্টের বোতাম বাম দিকে কেন থাকে?
প্রতিদিন শার্ট পরলেও খুব সাধারণ অথচ কৌতূহলোদ্দীপক এই বিষয়টি নিয়ে হয়তো অনেকেই তেমন একটা ভাবেননি। এই বোতাম বিপরীত দিকে থাকার নির্দিষ্ট কোনো কারণ সম্পর্কে কেউ পুরোপুরি নিশ্চিত না হলেও ইতিহাসবিদদের বেশ কিছু জোরালো ধারণা রয়েছে।
অনেক ইতিহাসবিদের মতে, পুরুষের শার্টের বোতাম ডানদিকে থাকার মূল কারণটি এসেছে পোশাকে অস্ত্র রাখার প্রাচীন ব্যবস্থা থেকে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ইতিহাসবিদ ড. ক্লো চ্যাপিন টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
তার মতে, পুরুষের পোশাকের বোতাম ডান দিকে থাকার এই বিশেষ শৈলী মূলত সামরিক বাহিনী থেকেই আসতে পারে। অতীতে শার্ট বা জ্যাকেটের ভেতর বন্দুক লুকিয়ে রাখার প্রচলন ছিল।
শার্টে বন্দুক লুকানো থাকলে বোতাম ডানদিকে হওয়ার কারণে ডান হাত খুব সহজেই শার্ট বা জ্যাকেটের ভেতর ঢুকিয়ে দ্রুত অস্ত্র বের করা যেত। মূলত এই সুবিধার কথা মাথায় রেখেই ডানদিকে বোতাম দেওয়ার চল শুরু হয়।
আবার কিছু পণ্ডিত ভিন্ন একটি যুক্তিও উপস্থাপন করেন। তাদের মতে, এই বোতামের অবস্থানের সঙ্গে তরবারি রাখারও গভীর সম্পর্ক থাকতে পারে। 'এ জেন্টলম্যান’স ওয়ারড্রোব'-এর পল কিয়ার্স ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে জানান, বেশিরভাগ মানুষই তলোয়ার সব সময় নিজেদের বাম দিকে পরিধান করতেন।
বাম দিকে তলোয়ার রাখার প্রধান কারণ ছিল, যাতে প্রয়োজনের সময় ডান হাত দিয়ে সেটি খুব সহজেই বের করে ধরা যায়। সব মিলিয়ে বেশিরভাগ ইতিহাসবিদ ও গবেষকরা এই বিষয়ে একমত হয়েছেন যে, পুরুষের শার্টের বোতাম ডানদিকে হওয়ার প্রধান কারণ হলো এই অস্ত্র সম্পর্কিত সুবিধাদি।
তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, নারীদের পোশাক বা শার্টের বোতাম বাম দিকে রাখা হয় কেন? এই বিষয়ে শার্ট ব্র্যান্ড 'এলিজাবেথ ও ক্লার্ক'-এর প্রতিষ্ঠাতা মেলানি মুর চমৎকার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন।
তার মতে, ১৩ শতকের দিকে যখন প্রথম বোতাম আবিষ্কৃত হয়েছিল, তখন ধনী নারীদের পোশাক বেশ ভারি ও জটিল হতো। ওই সময়কার ধনী নারীরা দাসী বা পরিচারিকার সাহায্য ছাড়া নিজেরা নিজেদের পোশাক পরতে পারতেন না।
যেহেতু পোশাকের বোতাম লাগানোর কাজ দাসীরাই করতেন, তাই দাসীদের সুবিধার কথা ভেবেই বাম পাশে বোতাম লাগানো হতো। কারণ, সামনের দিক থেকে বোতাম লাগাতে গেলে দাসীদের ডান হাতের সুবিধার্থে বোতাম বাম দিকে থাকাটাই বেশি যুক্তিসংগত ছিল। তখন থেকেই হয়তো এই ধারণাটি ব্যাপকভাবে প্রচলিত হয়ে যায়।
এর পাশাপাশি নারীদের বোতাম বাম দিকে হওয়ার পেছনে আরও একটি জনপ্রিয় তত্ত্ব রয়েছে। ধারণা করা হয়, বেশিরভাগ নারীই তাদের বাম হাতে বাচ্চাদের ধরে রাখেন। এক্ষেত্রে যাতে তাদের বুকের দুধ খাওয়ানো সহজ হয়, সেজন্যই শার্টের বোতাম বাম দিকে রাখা হয়। এতে করে জরুরি মুহূর্তে তারা ডান হাত দিয়ে সহজেই বোতাম খুলতে পারেন।
অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে। অতীতের এই ঐতিহ্যবাহী ধারণাকে এখন আর তোয়াক্কা করে না বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন সংস্থাগুলো। তাই বর্তমান যুগে তৈরি হওয়া নারীদের অনেক শার্টের বোতাম ডান দিকেও রাখা হতে দেখা যায়।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন